স্পোর্টস ডেস্ক | livenews.com.bd
তীব্র সমালোচনা ও সদস্য দেশগুলোর বিরোধিতার মুখে ফুটবল বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনা থেকে সরে দাঁড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, সদস্য দেশ ও সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতার বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য গঠিত হতে যাওয়া একটি নতুন ইউনিটের প্রায় ২০ শতাংশ মালিকানা বিক্রির পরিকল্পনা করেছিল ফিফা। এই উদ্যোগের মাধ্যমে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
ফিফার দাবি ছিল, সংগৃহীত অর্থ বিশ্বজুড়ে ফুটবলের অবকাঠামো উন্নয়ন, প্রতিভা বিকাশ এবং সদস্য দেশগুলোর ফুটবল কার্যক্রমে ব্যয় করা হবে। পাশাপাশি সদস্য দেশগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো উল্লেখ করেছিলেন, পরিকল্পনাটি অনুমোদিত হলে প্রতিটি সদস্য ফুটবল সংস্থা ৪ কোটি মার্কিন ডলার করে পাবে।
তবে পরিকল্পনাটি প্রকাশের পরপরই ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাসহ বিভিন্ন জাতীয় ফুটবল ফেডারেশন এর তীব্র বিরোধিতা করে। উয়েফার পক্ষ থেকে অভিযোগ করা হয়, ফিফা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরকে বাণিজ্যিক বিনিয়োগের পণ্যে পরিণত করতে চাইছে, যা ফুটবলের মৌলিক চেতনার পরিপন্থী।
বৃহস্পতিবার উয়েফার ৫৫ সদস্য দেশ সর্বসম্মতিক্রমে ঘোষণা দেয়, বিশ্বকাপের মালিকানা বিক্রির প্রস্তাব প্রত্যাহার না করা হলে তারা ফিফার সব প্রতিযোগিতা বয়কট করবে। তাদের বক্তব্য ছিল, “বিশ্বকাপ কোনো বিনিয়োগ পণ্য হতে পারে না।”
বর্ধিত চাপ, সমালোচনা এবং সম্ভাব্য বয়কটের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত বিশ্ব ফুটবলের ঐতিহ্য ও প্রতিযোগিতার স্বকীয়তা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
