স্পোর্টস ডেস্ক | LiveNews.com.bd
গ্রীষ্মকালীন দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছে শুধু খেলোয়াড় কেনাবেচা নয়, বরং আইনি লড়াইয়েও। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টায় বড় ধরনের বিতর্কে জড়িয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। খেলোয়াড়ের সঙ্গে নিয়মবহির্ভূত যোগাযোগের অভিযোগে ক্লাবটির বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, গত ৩০ জুন আতলেতিকো মাদ্রিদের করা আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২৬ বছর বয়সী আলভারেজের সঙ্গে আতলেতিকোর চুক্তি ২০৩০ সালের জুন পর্যন্ত কার্যকর থাকলেও দলবদলের নির্ধারিত সময়ের বাইরে ফিফা ও আরএফইএফের বিধি লঙ্ঘন করে বার্সেলোনা গোপনে তাঁর সঙ্গে যোগাযোগ করেছে।
এ ঘটনায় ইতোমধ্যেই বার্সেলোনা ও আতলেতিকো—উভয় ক্লাবকে তদন্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অভিযোগের জবাবে নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে প্রয়োজনীয় আইনি নথিপত্র প্রস্তুত করছে বার্সেলোনা। ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার নেতৃত্বে বিষয়টি মোকাবিলার প্রস্তুতি চলছে।
অন্যদিকে আতলেতিকো মাদ্রিদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিগুয়েল অ্যাঞ্জেল গিল মারিন জানিয়েছেন, ক্লাবের স্বার্থ রক্ষায় তারা শেষ পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাবেন। তাঁর ভাষায়, চুক্তিবদ্ধ কোনো খেলোয়াড়কে ঘিরে নিয়মবহির্ভূত যোগাযোগের বিষয়টি তারা কোনোভাবেই মেনে নেবেন না।
দুই ক্লাবের সম্পর্কের টানাপোড়েন আরও স্পষ্ট হয় যখন হুয়ান লাপোর্তা প্রকাশ্যে স্বীকার করেন যে আলভারেজকে দলে নিতে আতলেতিকো মাদ্রিদের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠানো হয়েছিল। তবে সেই প্রস্তাব গুরুত্বই দেয়নি আতলেতিকো। ক্লাবটির কঠোর অবস্থান এবং খেলোয়াড়ের উচ্চ রিলিজ ক্লজের কারণে বার্সেলোনার প্রায় ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যাত হয়েছে বলে জানা গেছে।
এখন তদন্তে যদি প্রমাণিত হয় যে বার্সেলোনা সত্যিই ট্রান্সফার নীতিমালা ভেঙে খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করেছে, তাহলে ক্লাবটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ফলে দলবদলের আলোচনার পাশাপাশি এই আইনি লড়াইও ইউরোপীয় ফুটবলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
