অর্থাভাবে থেমে থাকা সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্বে অভিনয়শিল্পী সংঘ

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

দীর্ঘদিন ধরে অসুস্থ অভিনেতা সমু চৌধুরীর চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে অভিনয়শিল্পী সংঘ। পরিবারের সম্মতি পাওয়ার পর চিকিৎসার প্রক্রিয়াও শুরু করেছে সংগঠনটি।

অর্থের অভাবে এত দিন প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছিল না তার পরিবার।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সমু চৌধুরীর কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়লে তার অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সহকর্মী ও ভক্তরা।

এর পরই পরিবারের সঙ্গে আলোচনা করে চিকিৎসার উদ্যোগ নেয় অভিনয়শিল্পী সংঘ।

সমু চৌধুরীর মা জয়নব চৌধুরী সম্প্রতি সংবাদমাধ্যমকে জানান, তার ছেলে কয়েক বছর ধরে মানসিক অসুস্থতায় ভুগছেন।

আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছিল না।

সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, পরিবারের অনুমতি পাওয়ার পর চিকিৎসার প্রক্রিয়া শুরু হয়েছে।

চিকিৎসার যাবতীয় খরচ বহন করবে অভিনয়শিল্পী সংঘ।

তিনি বলেন, ‘সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব নিতে আমরা প্রস্তুত। তার পরিবারের অনুমতির অপেক্ষায় ছিলাম। আজ (গতকাল) সমু চৌধুরীর পরিবারের অনুমতি পেয়েছি। ইতিমধ্যে প্রসেসিং শুরু হয়েছে। তার পুরো চিকিৎসা আমাদের তত্ত্বাবধানে হবে। সমস্ত খরচ অভিনয়শিল্পী সংঘ বহন করবে।’

সমু চৌধুরীর পাশে দাঁড়ানোর উদ্যোগ অবশ্য এবারই প্রথম নয়। প্রায় তিন বছর আগে গফরগাঁওয়ে তাকে অসংলগ্ন অবস্থায় পাওয়ার পর নিরাপদ স্থানে নেওয়ার ব্যবস্থা করেছিলেন সংগঠনের সদস্যরা। সে সময় চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও পরিবারের সম্মতি না পাওয়ায় তা এগোয়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে কখনো বাজারে, কখনো মাজারে, আবার কখনো গানের আসরে দেখা যাচ্ছে অভিনেতাকে। এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার পরিবর্তে তার চিকিৎসা ও সুস্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।

পরিবারের সম্মতি পাওয়ায় এবার সমু চৌধুরীর চিকিৎসার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে অভিনয়শিল্পী সংঘ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *