নিজস্ব প্রতিবেদক | LiveNews.com.bd
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে গাজীপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে রোটারি ক্লাব অব ভাওয়াল।
শুক্রবার (৩১ জুলাই) গাজীপুর ডায়াবেটিস হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে রোটারি ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নিয়ে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব ভাওয়ালের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, বৃক্ষ শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের অস্তিত্ব রক্ষার অন্যতম প্রধান উপাদান। তিনি বলেন, রোটারির সেবার আদর্শকে ধারণ করে শুধু গাছ লাগিয়েই থেমে থাকতে চায় না ক্লাবটি; বরং প্রতিটি রোপিত গাছের পরিচর্যা নিশ্চিত করে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তিনি আরও বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেন, তাহলে পরিবেশ সংরক্ষণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।
রোটারিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান জানান, রোটারি ক্লাব অব ভাওয়াল ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই পরিবেশ গড়ে তুলতে কাজ করে যাবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ভাওয়ালের চার্টার প্রেসিডেন্ট রোটা. ইমতিয়াজ সাজু, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট প্রফেসর ডা. আমিরুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর রোটা. জাহাঙ্গীর কবির, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আলী হোসেন ও রোটা. এস. কে. সফিকুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট রোটা. মাহমুদুর রহমান পলাশ, ক্লাব সেক্রেটারি রোটা. নাজমুল হাসান রাসেলসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপিত গাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে হবে। অন্যথায় কাঙ্ক্ষিত সুফল অর্জন সম্ভব নয়। পরিবেশ রক্ষায় ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে ক্লাবের নেতৃবৃন্দ পরিবেশ সংরক্ষণ, সামাজিক উন্নয়ন এবং মানবকল্যাণে রোটারির সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
