শিরোনাম

ইরানে একদিনে দুই দফা হামলা, ক্ষেপণাস্ত্র মেরে ট্যাংকার অচল

বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ইরানের ওপর নতুন করে আরেক দফা বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। গতকাল বুধবার (১৫ জুলাই) স্থানীয় সময় রাত ১১টার দিকে এ হামলা চালানো হয়।  

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতেই এ অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা। এর আগে একই দিনে দিনের বেলাতেও ইরানে হামলা চালায় মার্কিন বাহিনী।

সেন্টকম আরও জানায়, মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে কুরাকাওয়ের পতাকাবাহী এম/টি বেলমা নামের একটি তেলবাহী ট্যাংকার ইরানের খার্গ দ্বীপের দিকে যাচ্ছিল। একাধিক সতর্কবার্তা উপেক্ষা করায় মার্কিন যুদ্ধবিমান থেকে জাহাজটির চিমনি লক্ষ্য করে হেলফায়ার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ট্যাংকারটি অচল হয়ে পড়ে।

হামলার পর বন্দর আব্বাস, চাবাহার ও ইরাক সীমান্তসংলগ্ন আহভাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর আহভাজে একটি ক্যানসার বিশেষায়িত হাসপাতালের খুব কাছে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।  

হামলার ভয়াবহতা বর্ণনা করে ইরানের স্বাস্থ্য কর্মকর্তা হোসেন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়েছেন। তিনি জানান, মার্কিন ক্ষেপণাস্ত্রের তীব্র শব্দ ও প্রচণ্ড কম্পনের কারণে আতঙ্কে বোগাই হাসপাতাল থেকে অনেক রোগী ও তাদের স্বজনেরা পালিয়ে গেছেন। বর্তমানে হাসপাতালটিতে শুধু সবচেয়ে গুরুতর অসুস্থ রোগীরাই পড়ে আছেন।

এদিকে, ইরানের সেতুগুলোতে হামলার সম্ভাব্য সময় নিয়ে জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি কোনো সময়সীমা দিতে পছন্দ করি না। তবে তারা পরিস্থিতি ভালো করেই জানে। তাদের ভালো আচরণ করা উচিত।’

চলমান হামলার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের সংসদের স্পিকার ও শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক থেকে ইরান যদি কোনো সুফল না পায়, তাহলে সেটি মেনে চলারও কোনো বাধ্যবাধকতা নেই। তিনি বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি। তবে জাতীয় স্বার্থ রক্ষায় সশস্ত্র প্রতিরোধের পাশাপাশি কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার পথও খোলা থাকবে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দক্ষিণ ইরানে বিগত কয়েকদিনের মার্কিন হামলায় এখন পর্যন্ত অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২৬০ জনের বেশি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *