শিরোনাম

হলিউডের ‘দ্য রক’ এবার বৃদ্ধ, নতুন লুকে চমকে দিলেন ভক্তদের

 বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

হলিউডের অ্যাকশন তারকা ডোয়াইন ‘দ্য রক’ জনসনকে এবার দেখা যাবে এক অদ্ভুতুড়ে বৃদ্ধের চরিত্রে। নতুন সিনেমা ‘লিজার্ড মিউজিক’-এর শুটিংয়ে তাঁর চেহারায় এসেছে আমূল পরিবর্তন। ধূসর চুল, সাদা-ধূসর দাড়ি, মুখে বয়সের ছাপ আর ঢিলেঢালা পোশাকে তাঁকে চেনাই কঠিন হয়ে পড়েছে। সাধারণত পেশিবহুল শরীর ও অ্যাকশনধর্মী চরিত্রের জন্য পরিচিত এই অভিনেতার নতুন রূপ ইতিমধ্যে আলোচনায় এসেছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নিউজ ডটকম ডটএইউ এবং বিনোদনবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে সিনেমাটির শুটিংয়ে দেখা যায় জনসনকে। পরিচালক বেনি সাফদির সঙ্গে এটি তাঁর দ্বিতীয় কাজ। এর আগে সাফদির পরিচালনায় ‘দ্য স্ম্যাশিং মেশিন’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।

‘লিজার্ড মিউজিক’ সিনেমায় জনসনের চরিত্রের নাম ‘চিকেন ম্যান’। চরিত্রটি একজন বয়স্ক, খামখেয়ালি ও কল্পনাপ্রবণ মানুষকে ঘিরে। শুটিংয়ের ছবিতে তাঁকে বেইজ রঙের টুপি ও কোট, ধূসর প্যান্ট এবং রঙিন টাই পরা অবস্থায় দেখা গেছে। মুখের বলিরেখা, বয়সের দাগ ও ধূসর চুল তাঁর চেহারাকে দিয়েছে সম্পূর্ণ ভিন্ন রূপ।

এই পরিবর্তনের পেছনে রয়েছে বিশেষ মেকআপ ও কৃত্রিম প্রসাধনী। হলিউডের মেকআপ শিল্পী কাজু হিরো জনসনের এই রূপান্তরের সঙ্গে যুক্ত। ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এ সাবেক মিশ্র মার্শাল আর্টস তারকা মার্ক কেরের চরিত্রে অভিনয়ের পর এবারও শারীরিক ও চেহারাগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছেন জনসন।

২০২৫ সালের টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জনসন জানিয়েছিলেন, ‘চিকেন ম্যান’ চরিত্রটির জন্য তিনি প্রায় ৩০ পাউন্ড পেশি কমিয়েছেন। চরিত্রটির প্রয়োজনে নিজের পরিচিত শারীরিক গঠন থেকে সরে আসার বিষয়টিকে তিনি নতুন অভিনয়-অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

‘লিজার্ড মিউজিক’ নির্মিত হচ্ছে ড্যানিয়েল পিঙ্কওয়াটারের ১৯৭৬ সালের একই নামের শিশুতোষ উপন্যাস অবলম্বনে। সিনেমাটিতে এক কিশোরের গল্প তুলে ধরা হবে, যে গভীর রাতে টেলিভিশনে টিকটিকিদের সংগীত পরিবেশনের এক রহস্যময় সম্প্রচার দেখতে পায়। এরপর সে এক অচেনা জগতের সন্ধানে বেরিয়ে পড়ে।

এই যাত্রায় তার পরিচয় হয় ‘চিকেন ম্যান’-এর সঙ্গে। বৃদ্ধটির সঙ্গী একটি মুরগি, যার নাম ক্লডিয়া। কিশোর ও বৃদ্ধের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব। রহস্যময় এক সমাজের খোঁজ করতে গিয়ে তাদের অভিযান ধীরে ধীরে রূপ নেয় কল্পনা, অপ্রত্যাশিত অভিজ্ঞতা ও বন্ধুত্বের গল্পে।

সিনেমাটিতে তরুণ অভিনেতা থিও ক্লার্ক লেবারকে দেখা যাবে কিশোরের চরিত্রে। অন্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন অ্যালিসিয়া সিলভারস্টোন, র‍্যাচেল ম্যাকঅ্যাডামস, কোলম্যান ডোমিঙ্গো, রেজিনা হল, জেফ গোল্ডব্লাম ও ডেভিড ক্রামহোলৎজ।

অ্যামাজন এমজিএম স্টুডিওসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ২০২৭ সালের ২৫ ডিসেম্বর, বড়দিনে। লাইভ-অ্যাকশন ও কম্পিউটার-নির্মিত চিত্রের সমন্বয়ে তৈরি হচ্ছে ছবিটি।

অ্যাকশনধর্মী চরিত্রের বাইরে গিয়ে জনসনের এমন রূপান্তর তাঁর অভিনয়জীবনের আরেকটি উল্লেখযোগ্য পরীক্ষা। ‘দ্য স্ম্যাশিং মেশিন’-এর পর বেনি সাফদির সঙ্গে নতুন এই কাজেও তিনি নিজের পরিচিত পর্দার ভাবমূর্তি বদলে ভিন্ন ধরনের চরিত্রে অভিনয়ের চেষ্টা করছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *