শিরোনাম

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর

 বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ঢাকার বায়ুমান সূচক ছিল ১৬৭, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এ সময় ২৬৫ সূচক নিয়ে তালিকার শীর্ষে ছিল পাকিস্তানের রাজধানী লাহোর।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের ওয়েবসাইটে প্রকাশিত তাৎক্ষণিক সূচক থেকে এ তথ্য জানা গেছে।

তালিকায় ২৫৭ সূচক নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। মালয়েশিয়ার কুয়ালালামপুর ১৮২ সূচক নিয়ে তৃতীয় এবং ভারতের মুম্বাই ১৮১ সূচক নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার বায়ুমান সূচক ১৭৬।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ সূচক সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া সূচক ১৫১ থেকে ২০০-এর মধ্যে থাকলে বাতাসের মান অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

বায়ুমান সূচক মূলত বাতাসে দূষণের মাত্রা নির্দেশ করে। তবে এ সূচক সময় ও স্থানভেদে পরিবর্তিত হতে পারে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *