শিরোনাম

রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাজশাহীতে ঢাকামুখী বাসে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করেছে এসআরবি-৫। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন যাত্রী কৌশলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

​সোমবার রাতে রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার সিটিহাট বাইপাস মহাসড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। মঙ্গলবার সকালে এসআরবি-৫ রাজশাহীর মিডিয়া সেল থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি জানতে পারে চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের একটি বাসে অস্ত্র পাচার করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক এসআরবির ওই দলটি নগরীর শাহ মখদুম থানার সিটিহাট বাইপাস এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সৌদিয়া পরিবহনের বাসটি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বা মালামাল রাখার বাক্স থেকে একটি ফলের কার্টুন উদ্ধার করা হয়। কার্টুনের ভেতরে কাপড় দিয়ে অভিনব কায়দায় মোড়ানো অবস্থায় দুটি বিদেশি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়।

​বাসের যাত্রীদের বরাত দিয়ে এসআরবি আরও জানায়, চেকপোস্টের বিষয়টি টের পেয়ে বাস চেকপোস্ট স্থলে পৌঁছানোর আগেই সন্দেহভাজন এক যাত্রী কৌশলে পালিয়ে যায়। বাসের সুপারভাইজার জিজ্ঞাসাবাদে জানায়, ওই যাত্রী চাঁপাইনবাবগঞ্জ থেকে বাসে উঠেছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
​পলাতক ওই যাত্রীর নাম-ঠিকানা ও পরিচয় শনাক্তে এসআরবির গোয়েন্দা কার্যক্রম অব্যাহত আছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *