মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে দুঃসংবাদ পেল নিউ জিল্যান্ড। ডান হাতের হাড় ভেঙে যাওয়ায় আসন্ন সিরিজে খেলতে পারবেন না অলরাউন্ডার মিচেল স্যান্টনার। তাঁর পরিবর্তে দলে জায়গা পেয়েছেন স্পিন অলরাউন্ডার ডিন ফক্সক্রফট।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পান স্যান্টনার। ব্যাটিংয়ের সময় ভারতীয় পেসার অর্শদীপ সিংয়ের করা একটি বাউন্সার তাঁর ডান হাতে আঘাত করে। পরে স্ক্যান করানোর পর হাড় ভাঙার বিষয়টি নিশ্চিত হয়।
নিউ জিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এক বিবৃতিতে জানানো হয়েছে, স্যান্টনারের মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কাজ চলছে। আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তাঁর খেলার বিষয়ে পরে সিদ্ধান্ত জানানো হবে।
স্যান্টনারের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ২৮ বছর বয়সী ফক্সক্রফট এর আগে একটি টেস্ট খেলেছেন। গত মে মাসে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ৯৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ওই ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পেয়েছিল নিউ জিল্যান্ড।
পরে স্যান্টনার কাঁধের চোট কাটিয়ে দলে ফেরায় ইংল্যান্ড সফরের টেস্ট দল থেকে বাদ পড়েন ফক্সক্রফট। এবার সতীর্থের চোটে আবারও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেলেন তিনি।
ভারতের বিপক্ষে বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৭ ডিসেম্বর।
