দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বিস্ফোরণের শব্দ

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। লেবাননের টায়ার শহরের দক্ষিণে অবস্থিত আল-কানতারা এবং আল-মানসুরি শহরে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।

বৃহস্পতিবার সকালে দেশটির সরকারি বার্তা সংস্থা ‘ন্যাশনাল নিউজ এজেন্সি’-এর (এনএনএ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, লেবাননের আল-মানসুরির শক্তিশালী বিস্ফোরণের তীব্রতা পার্শ্ববর্তী গ্রামগুলোতেও অনুভূত হয়। এর পাশাপাশি হাদ্দাতা শহরের উপকণ্ঠে ভারী মেশিনগান দিয়ে গুলিবর্ষণ এবং শহরটিতে তীব্র আর্টিলারি বা কামান দিয়ে গোলাবর্ষণ করা হয়। 

বানি হাইয়ান ও কাফার তেবনিত এলাকার কাছাকাছিও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া, বিন্ত জুবাইল জেলার বেইত লিফ সংলগ্ন ওয়াদি মাজলাম এবং নাবতিয়ে এলাকার জাওতার আল-শারকিয়াহ অঞ্চলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এসব হামলার ফলে লেবাননের দক্ষিণ সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

বিগত কয়েক মাস ধরে লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এ সময়ে লেবাননের গ্রামগুলোতে বেসামরিক নাগরিকদের ওপর দমনপীড়ন ও বাড়িঘর থেকে বিতাড়িত করার অভিযোগ উঠছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। এ পরিস্থিতিতে লেবাননের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। 

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ও ইয়েমেনের চলমান অস্থিরতার মধ্যে লেবানন সীমান্তের এই উত্তেজনা আন্তর্জাতিক সম্প্রদায়কে নতুন করে চিন্তায় ফেলেছে। মধ্যপ্রাচ্যে বহুমাত্রিক এই সংঘাত পুরো অঞ্চলে এক বিশাল অস্থিতিশীলতা ও বড় ধরনের সংকটের জন্ম দিচ্ছে। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *