চ্যাম্পিয়নস ট্রফি হকি: ফের বড় হার দেখল বাংলাদেশ

 সোমবার, ০২ নভেম্বর, ২০২৬

চ্যাম্পিয়নস ট্রফি হকিতে আবারও বড় হার দেখল বাংলাদেশ হকি দল। বড় ব্যবধানে হারের বৃত্ত থেকে যেন কিছুতেই বের হতে পারছে না আমিরুল ইসলামরা।

মালয়েশিয়ার বিপক্ষে ৬-১ গোলে হারের ধাক্কা কাটতে না কাটতেই আজ চতুর্থ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হারল লাল-সবুজের প্রতিনিধিরা। দক্ষিণ কোরিয়ার কাছে তাদের হারটি ৫-০ গোলের ব্যবধানে।

রবিবারের ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে দক্ষিণ কোরিয়া। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে লিড নেয় তারা। দ্বিতীয় কোয়ার্টারে আরও এক গোল করলে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে আরও দুই গোল হজম করতে হয় আমিরুলদের। আর শেষ কোয়ার্টারে দক্ষিণ কোরিয়া আরও এক গোল করলে ৫-০ গোলের বড় পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভারতের কাছে ১৩ গোল হজম করেছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে দারুণ লড়ে মাত্র ১-০ গোলে হেরেছিল তারা। এরপর মালয়েশিয়ার কাছে ৬-১ গোলের পর আজ কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলের পরাজয় দেখল দল।

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের পঞ্চম ও শেষ লিগ ম্যাচে আগামীকাল চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই টুর্নামেন্টে গ্রুপ পর্বের পাঁচ ম্যাচের পর পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে এবং নিচের দুই দল পঞ্চম স্থানের জন্য লড়াই করবে। বাংলাদেশ পয়েন্ট টেবিলের তলানিতে থাকায় এখন পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচেই লড়বে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *