মঙ্গলবার, ০৩ নভেম্বর, ২০২৬
হরমুজ প্রণালিতে তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান। তবে এমন সামরিক উত্তেজনার মধ্যেও দেশটির সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে একটি চুক্তির সম্ভাবনা দেখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে নিজেদের কূটনৈতিক তৎপরতা ও সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করেছে কাতার ও জর্ডান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, তারা হরমুজ প্রণালির পূর্বাংশে একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে। নতুন একটি উন্নত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে ড্রোনটি ভূপাতিত করা হয় বলে তাদের দাবি।
আইআরজিসির ভাষ্যমতে, এটি তাদের ধ্বংস করা ৫৫তম মার্কিন এমকিউ-৯ ড্রোন। এ ছাড়া হরমুজ প্রণালিতে অবস্থিত কেশম দ্বীপের দক্ষিণে আরও দুটি মার্কিন এমকিউএম-১৭০ নজরদারি ড্রোন ভূপাতিতের দাবি করেছে তারা। আইআরজিসি জানিয়েছে, এ নিয়ে এই নির্দিষ্ট মডেলের মোট চারটি মার্কিন ড্রোন তাদের হস্তগত হলো। তবে ইরানের এসব দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কোনো বক্তব্য বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
সামরিক উত্তেজনার মধ্যেই একটি চুক্তির আশা দেখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যুদ্ধ বন্ধ করতে একটি চুক্তি চায় এবং এমন একটি সমঝোতা শেষ পর্যন্ত ‘হতে পারে’। তবে তেহরানের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার বর্তমান অবস্থা ঠিক কী, সে সম্পর্কে তিনি বিস্তারিত কোনো তথ্য জানাননি।
এদিকে আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরাতে টেলিফোনে আলোচনা করেছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জাসিম আল থানি এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই দুই নেতা সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। সমুদ্রে অবাধ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং ওই অঞ্চলে একটি টেকসই শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত চুক্তিতে পৌঁছানোর পথ সুগম করতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে কাতার।
