জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ হয়ে উঠেছে, দাবি ইরানের

 সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬

ইরানের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের জন্য ‘নরক’ হয়ে উঠেছে বলে দাবি করেছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজাই। তাঁর দাবি, ওই ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা চালানো হয়েছে।

একই সঙ্গে হরমুজ প্রণালির বাইরে নতুন একটি ‘নিষেধাজ্ঞা এলাকা’ তৈরির ঘোষণা দিয়েছেন রেজাই। তাঁর ভাষ্য, যুক্তরাষ্ট্রের অবরোধের সীমারেখা থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চলের দিকে এই এলাকা বিস্তৃত হবে। সেখানে প্রবেশকারী প্রতিটি জাহাজকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হবে বলেও জানান তিনি।

রেজাই আরও দাবি করেন, এর আগের দিন ইরানের একটি জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র মার্কিন একটি যুদ্ধজাহাজে আঘাত হানে। তাঁর দাবি, ইরানের বিশেষ এই ক্ষেপণাস্ত্র আমেরিকানদের জন্য ‘নরক’ হয়ে উঠেছে। এর প্রভাবে মার্কিন যুদ্ধজাহাজটি পালিয়ে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইরানের ওপর আরোপিত মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব নিয়েও কথা বলেন রেজাই। তাঁর দাবি, এসব নিষেধাজ্ঞার কারণে ইরানের তেমন কোনো সমস্যা হচ্ছে না। দেশটিতে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। রেজাই বলেন, ‘যুক্তরাষ্ট্রের হুমকি ও হামলা বন্ধ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।’

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *