রবিবার, ১৪ জুন, ২০২৬
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক ব্যবসায়ীদের সাথে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় ফতুল্লার মাসদাইর পতেঙ্গার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।
এসময় মাদক ব্যবসায়ীদের ইট পাটকেলের ঢিলে ৫ পুলিশ সদস্যসহ ৮ জন আহত হয়েছে। সেই সাথে এই ঘটনায় শীর্ষ মাদক ব্যবসায়ী ফাইটার মনিরসহ ৩জনকে বিপুল পরিমাণের মাদকসহ গ্রেফতার করেছে পুলিশ।
আহতরা হলেন- এসআই নন্দন সরকার, এসআই মনির, এএসআই কামরুল হাসান, এএসআই মনির হোসাইন, কনেস্টেবল আশিক। এছাড়া আহত হয়েছে পথচারী হেলালউদ্দিম ড্রাইভার বাবু ও একেএম শফিউদ্দিন। তাদের প্রত্যেককে শহরের খানপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মাসদাইর পতেঙ্গার মোড়ে ফাইটার মনিরের মাদক স্পটে অভিযান চালায়। এসময় বিপুল পরিমাণের মাদকসহ ফাইটার মনির তার সহযোগী নাইম (৩০) ও মাসুমকে(২৪) গ্রেফতার করা হয়। তখন গ্রেফতারকৃতদের ছিনিয়ে নিতে তাদের সহযোগীরা প্রথমে পুলিশের উপর এলোপাতাড়ি ইট পাটকেল ছুঁড়ে। পরে পুলিশকে লক্ষ করে প্রায় ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে মাদক ব্যবসায়ীরা। তখন পুলিশও পাল্টা দুই রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। কেউ গুলিবিদ্ধ না হলেও পুলিশ পথচারী ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা ইটের ঢিলে আহত হয়েছে। এই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি মাসদাইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক ব্যবসায়ীদের হামলায় র্যাব পুলিশের একাধিক সদস্য আহত হয়েছে।
