বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ম্যাচ শুরুর মাত্র ১৯ সেকেন্ডেই গোল হজম করে বড় ধাক্কা খেয়েছিল সান্তোস। তবে সেই ধাক্কা সামলে দারুণ ভাবে ঘুরে দাড়িয়ে কোপা সুদামেরিকানার প্লে-অফের দ্বিতীয় লেগে ভেনিজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪-২ গোলে হারিয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
এই জয়ে দুই লেগ মিলিয়ে ৮-৩ ব্যবধানে এগিয়ে থেকে টুর্নামেন্টের শেষ ষোলো নিশ্চিত করেছে সান্তোস। শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে ইকুয়েডরের ক্লাব মাকারা।
ভিলা বেলমিরো স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই রক্ষণভাগের ভুলে বিপদে পড়ে সান্তোস। ডিফেন্ডার অ্যাডোনিস ফ্রিয়াসের ভুল ব্যাকপাস কাড়েন সামুয়েল সোসা, এরপর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে পরাস্ত করে সফরকারীদের এগিয়ে দেন তিনি।
তবে প্রথমার্ধেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। বলিভিয়ান মিডফিল্ডার মিগুয়েলিতো একক নৈপুণ্যে গোল করে ১-১ সমতা ফেরান।
বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় সান্তোস। গ্যাব্রিয়েল বনতেম্পোর পাস থেকে গ্যাব্রিয়েল বারবোসা দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর ৬৫তম মিনিটে বারবোসার শট ক্রসবারে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করে ব্যবধান ৩-১ করেন গ্যাব্রিয়েল মেনিনো।
৭২তম মিনিটে গঞ্জালো মোতেস ইউনিভার্সিদাদ সেন্ট্রালের হয়ে একটি গোল শোধ করে ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। ম্যাচের শেষদিকে বনতেম্পোর পাস থেকে রনি গোল করলে ৪-২ ব্যবধানে জয় নিশ্চিত হয় সান্তোসের।
দলের সবচেয়ে বড় তারকা নেইমার শুরু থেকে মাঠে নামেননি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে খেলতে নামলেও গোল বা অ্যাসিস্ট কোনোটিই করতে পারেননি তিনি। যদিও তার অনুপস্থিতিতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে শেষ পর্যন্ত স্বস্তিদায়ক জয় তুলে নেয় সান্তোস।
