মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, ভাঙচুর-লুটপাটের ঘটনায় গ্রেফতার ৬

 মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টা, নির্মাণাধীন ভবনের অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় করা মামলায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

এ মামলায় মোস্তাকের রহমান খোকন চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। তবে মামলার প্রধান আসামি খোকন চৌধুরী এখনো গ্রেফতার হননি।

মামলার বাদী আনোয়ার হোসেন রিপন বলেন, তার মায়ের বিক্রি করা জমি দখলের চেষ্টা থেকেই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলার সময় অফিস থেকে ল্যাপটপ, মোবাইল, কম্পিউটার, ফ্রিজ ও নগদ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর সকালে মোহাম্মদপুরের চাঁদ উদ্যান বেড়িবাঁধসংলগ্ন এলাকায় টুইন টাওয়ার নির্মাণের জন্য তৈরি করা দ্বিতীয় তলার একটি অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়। একই সঙ্গে প্লটটি দখলের চেষ্টা করা হয় বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে।

বাদী আনোয়ার হোসেন রিপনের দাবি, তিনি ছাড়াও আরও ৩০ জন ব্যক্তি ক্রয়সূত্রে ওই জায়গার মালিক। ভবন নির্মাণের বিষয়ে আলোচনা করতে তারা ওই অফিসে বৈঠক করতেন। ভবন নির্মাণের জন্য সংগৃহীত টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্রও অফিসটিতে রাখা ছিল।

এজাহারে অভিযোগ করা হয়, আসামিরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অফিসে প্রবেশ করে। পরে অফিসের বিভিন্ন মালামাল ভাঙচুর করে আনুমানিক চার লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় অফিসের ক্যাশবক্সে ভবন নির্মাণের জন্য রাখা ১৫ লাখ টাকা, একটি অ্যাপলের ম্যাকবুক, একটি আসুস ল্যাপটপ, তিনটি ডেস্কটপ কম্পিউটার, দুটি এসি, চারটি সিসি ক্যামেরা ও একটি ডিভিআর বক্সসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।

বাদী আরও বলেন, ওই প্লটের পাশেই প্রধান আসামি মোস্তাকের রহমান খোকন চৌধুরী ১০ তলা একটি ভবন নির্মাণ করেছেন। তার অভিযোগ, সেখানে বেশি জমি দখল করে ভবন নির্মাণের পর এখন বৈধভাবে কেনা জমি দখলের চেষ্টা করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন মামলার বাদী।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *