মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদিনই ফোন করে চাপ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে চলমান কূটনৈতিক প্রচেষ্টা ব্যাহত করে নতুন করে সংঘাত শুরুর বিরোধিতা করছেন যুক্তরাষ্ট্রের প্রশাসনের একাংশ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতারা।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস এ তথ্য জানিয়েছে।
আলোচনার বিষয়ে অবগত এক ব্যক্তি সংবাদমাধ্যমটিকে বলেন, ‘নেতানিয়াহু যুদ্ধ পুনরায় শুরুর আহ্বান জানিয়ে ট্রাম্পকে প্রতিদিন ফোন করছেন।’
তিনি আরও জানান, হোয়াইট হাউসের ভেতরে ও বাইরে অনেকেই নতুন করে সংঘাত শুরুর বিরোধিতা করছেন। তারা নেতানিয়াহুর চাপ মোকাবিলায় পাল্টা উদ্যোগ নেয়ার চেষ্টা করছেন। আঞ্চলিক নেতারাও ট্রাম্পকে উত্তেজনা না বাড়িয়ে আলোচনার ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন।
তবে ইসরায়েলের পরিস্থিতি সম্পর্কে অবগত আরেক ব্যক্তি জানিয়েছেন, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করতে চাইলেও ট্রাম্পকে রাজি করানোর জন্য বর্তমানে কোনো সুসংহত প্রচেষ্টা চালানো হচ্ছে না।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর এই তৎপরতায় আরব ও মুসলিম বিশ্বের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সোমবার ট্রাম্পও জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের মিত্ররা ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর পক্ষে নয়। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সঙ্গে আলোচনার পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েতসহ অন্যান্য দেশ বর্তমান পরিস্থিতি বজায় রাখার পক্ষে রয়েছে।
নেতানিয়াহু ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান পুনরায় শুরুর পক্ষে অবস্থান নিয়েছেন। তবে ট্রাম্প বলেছেন, প্রায় ৯ মাস ধরে চলা এই যুদ্ধের অবসানের পথে ইতিবাচক অগ্রগতি হয়েছে। ইরানে নতুন করে মার্কিন হামলার সম্ভাবনাও বর্তমানে খুবই কম।
