শিরোনাম

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

 বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ২০ জনের বেশি। আহতদের মধ্যে চিকিৎসাকর্মী ও রোগীরাও রয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের (সিভিল ডিফেন্স) দল জানায়, হামলার পর হাসপাতালটিতে তল্লাশি ও পরিদর্শন কার্যক্রম শেষ হয়েছে। এতে হাসপাতালের দ্বিতীয় তলায় হামলার ঘটনা ঘটে। নিহত ও আহতদের অধিকাংশই হাসপাতালে চিকিৎসাধীন রোগী ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, আহতদের মধ্যে এমন রোগীরাও রয়েছেন, যাদের পরদিন অস্ত্রোপচারের কথা ছিল। চিকিৎসার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে করতে তারা হাসপাতালেই রাত কাটাচ্ছিলেন। হামলার সময় তারা ঘুমিয়ে ছিলেন।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো ধরনের পূর্ব সতর্কতা ও হাসপাতাল খালি করার নির্দেশনা ছাড়াই আকস্মিক বিস্ফোরণের ঘটনা ঘটে।

গাজার অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র নাসের মেডিকেল কমপ্লেক্স। খান ইউনিসে এখনো সচল থাকা একমাত্র হাসপাতাল হিসেবে এটি দক্ষিণ গাজার অন্তত পাঁচ লাখ মানুষের চিকিৎসাসেবা দিয়ে আসছে।

প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক বছরে একই হাসপাতালটি সাতবার হামলার শিকার হয়েছে। এর মধ্যে ২০২৫ সালের ২৫ আগস্টের হামলাটি ছিল অন্যতম প্রাণঘাতী। সেদিন হাসপাতালটিতে দুই দফা বোমা হামলায় অন্তত ২২ জন ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে অন্তত চারজন সাংবাদিক ছিলেন।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *