লাইভ নিউজ ডেস্ক | livenews.com.bd
বিশ্ব ফুটবলের অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি ক্যারিয়ারের একটি পর্যায়ে এমন একটি প্রস্তাব পেয়েছিলেন, যা গ্রহণ করলে তিনি বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রীড়াবিদদের একজন হয়ে উঠতে পারতেন। তবে বিপুল অর্থের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বার্সেলোনার জার্সি গায়েই খেলতে চেয়েছিলেন এই পোলিশ তারকা।
সম্প্রতি পোলিশ সংবাদমাধ্যম Sports Fakty-কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রকাশ করেছেন লেভানডফস্কির দীর্ঘদিনের প্রতিনিধি ও খ্যাতনামা ফুটবল এজেন্ট পিনি জহাভি।
জহাভি জানান, লেভানডফস্কির সামনে দুই মৌসুমের জন্য প্রতি মৌসুমে ১০০ মিলিয়ন ইউরো পারিশ্রমিকের একটি প্রস্তাব ছিল। অর্থাৎ মোট ২০০ মিলিয়ন ইউরোর সেই চুক্তি গ্রহণ করলেই তিনি ফুটবল ইতিহাসের অন্যতম বড় বেতনের খেলোয়াড় হয়ে উঠতে পারতেন।
তবে এত বড় অঙ্কের অর্থও লেভানডফস্কির সিদ্ধান্ত বদলাতে পারেনি। জহাভির ভাষায়, “রবার্ট বার্সেলোনার হয়ে খেলতে চেয়েছিল। তাই সে প্রস্তাবটি গ্রহণ করেনি।”
সৌদি আরব ছিল প্রথম পছন্দ
জহাভি আরও জানান, বার্সেলোনা ছাড়তে হলে যুক্তরাষ্ট্রের আগে সৌদি আরবেই যেতে আগ্রহী ছিলেন লেভানডফস্কি। এর প্রধান কারণ ছিল ভৌগোলিক সুবিধা ও পরিবারের সঙ্গে যোগাযোগ সহজ হওয়া।
তার ভাষায়, রিয়াদ থেকে পোল্যান্ডের রাজধানী ওয়ারশর সময়ের পার্থক্য খুবই কম এবং যাতায়াতও যুক্তরাষ্ট্রের তুলনায় অনেক সহজ। পাশাপাশি সৌদি আরবে তাঁর জন্য বিশাল অঙ্কের আর্থিক প্রস্তাবও অপেক্ষা করছিল।
কেন বদলে গেল পরিকল্পনা?
এজেন্টের দাবি, সময়ের সঙ্গে সৌদি আরবের ট্রান্সফার নীতিতে পরিবর্তন আসে। পাশাপাশি আঞ্চলিক যুদ্ধ পরিস্থিতির কারণে আগের মতো বড় অঙ্কের বিনিয়োগের পরিবেশও আর ছিল না। এ কারণে তিনি লেভানডফস্কিকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছিলেন।
জহাভি বলেন, সৌদি বাজার সম্পর্কে তাঁর অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পেরেছিলেন যে আগের মতো সুযোগ ভবিষ্যতে নাও থাকতে পারে।
বার্সেলোনা ছাড়ার আসল কারণ
জহাভির মতে, বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তা লেভানডফস্কিকে দলে রাখতে চাইলেও চূড়ান্ত সিদ্ধান্ত ছিল কোচিং স্টাফের হাতে। ক্রীড়া পরিচালক ডেকো ও প্রধান কোচ হান্সি ফ্লিক তাঁকে নিয়মিত শুরুর একাদশে খেলার নিশ্চয়তা দিতে পারেননি।
এই বিষয়টিই শেষ পর্যন্ত দল ছাড়ার সিদ্ধান্তে সবচেয়ে বড় ভূমিকা রাখে। জহাভি বলেন, লেভানডফস্কির কাছে অর্থের চেয়ে নিয়মিত মাঠে নামা এবং দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকা অনেক বেশি মূল্যবান।
এমএলএসে নতুন অধ্যায়
এরই মধ্যে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব শিকাগো ফায়ারে যোগ দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন লেভানডফস্কি। তবে প্রতিকূল পরিবেশগত পরিস্থিতির কারণে তাঁর এমএলএস অভিষেক এবং সাবেক বায়ার্ন মিউনিখ সতীর্থ থমাস মুলারের সঙ্গে সম্ভাব্য পুনর্মিলনের ম্যাচটি আপাতত পিছিয়ে গেছে।
ফুটবলবিশ্বের অন্যতম সফল এই স্ট্রাইকার এখনও বিশ্বাস করেন, সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে তাঁর দেওয়ার মতো অনেক কিছুই বাকি রয়েছে।
