দাপুটে জয়ে মৌসুম শুরু আর্সেনালের

শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নতুন মৌসুমের শুরুতেই নিজেদের শক্তির জানান দিল বর্তমান চ্যাম্পিয়ন আর্সেনাল। দীর্ঘ ২৫ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরা কভেন্ট্রি সিটির বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করেছে গানাররা।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে কভেন্ট্রির রক্ষণে চাপ তৈরি করতে থাকে আর্সেনাল। সেই চাপের ফলও আসে দ্রুত। ১৫ মিনিটে রিকার্ডো ক্যালাফিওরির পাস ধরে বক্সের ভেতর থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ।

প্রথম গোলের পর আক্রমণের গতি আরও বাড়িয়ে দেয় স্বাগতিকরা। মাত্র আট মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন বুকায়ো সাকা। সতীর্থের নিচু শট কভেন্ট্রির গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি বল পেয়ে ছয় গজ দূর থেকে বাঁ পায়ের শটে জালে পাঠান ইংল্যান্ডের এই উইঙ্গার।

দুই গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেনাল। দ্বিতীয়ার্ধে ফিরেও গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি তাদের। ৪৯ মিনিটে বেন হোয়াইটের পাস থেকে বক্সের ভেতর গোল করেন আর্সেনালের অধিনায়ক মার্টিন ওডেগার্ড। তাতেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় মিকেল আর্তেতার দল।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেনাল। অন্যদিকে, দীর্ঘ অপেক্ষার পর প্রিমিয়ার লিগে ফিরেও হার দিয়ে শুরু হলো কভেন্ট্রি সিটির নতুন যাত্রা।

জয়ের রাতটি আর্তেতার জন্যও ছিল আরও বিশেষ। কভেন্ট্রিকে হারিয়ে প্রিমিয়ার লিগে কোচ হিসেবে ১৫০তম জয় পূর্ণ করেছেন স্প্যানিশ এই কোচ।  তার আগে এই কীর্তি গড়েছেন পেপ গার্দিওলা, হোসে মরিনহো, ইয়ুর্গেন ক্লপ ও স্যার অ্যালেক্স ফার্গুসনরা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *