বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ও সন্ধ্যায় উপজেলার বিনাউটি ইউনিয়ন এবং পৌর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের আব্দুস সালাম (২৮) এবং কসবা উপজেলার আকছিনা পূর্বপাড়া এলাকার মো. শাওন (১৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুস সালাম পাবনার মো. ওমর সানিকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে রওনা হন। পথে বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর বাসস্ট্যান্ডের পূর্ব পাশে কুমিল্লা-সিলেট মহাসড়কে পৌঁছালে তিনি মোটরসাইকেলসহ সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ওমর সানি স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে কসবা পৌর এলাকার বদিউল আলম সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের সামনে আরেকটি দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অজ্ঞাত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন শাওন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। দুর্ঘটনার পর ট্রাকটির সন্ধান পাওয়া যায়নি।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, তিনলাখপীর এলাকার দুর্ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁর সঙ্গী ওমর সানিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
তিনি আরও বলেন, পৌর এলাকার দুর্ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকলেও অজ্ঞাত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। দুই ঘটনায়ই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
