মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স এবং আপিলের ওপর রায় ঘোষণা শুরু করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় পড়া শুরু করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার পর বিচারকরা এজলাসে আসেন। এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, চলতি বছরের ১৯ মে রাজধানীর পল্লবীতে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা করা হয়। ঘটনার পর কক্ষের জানালার গ্রিল কেটে পালিয়ে যান মামলার এক নম্বর আসামি সোহেল রানা। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ তার স্ত্রী স্বপ্না খাতুনকে হেফাজতে নেয়। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। সবশেষে ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দেন। এ রায়ের পর সন্তোষ প্রকাশ করে দ্রুত দণ্ড কার্যকরের দাবি জানিয়েছিলেন রামিসার বাবা। এখন বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল থাকবে, নাকি আসামিদের সাজায় কোনো পরিবর্তন আসবে, সে সিদ্ধান্ত জানার অপেক্ষায় রয়েছেন শিশুর পরিবার ও স্বজনরা।
