শিরোনাম

নিরাপত্তা শঙ্কায় কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

 বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও নিরাপত্তাঝুঁকির কারণে কাতারে অনুষ্ঠেয় ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টে অংশগ্রহণের পাশাপাশি প্রতিযোগিতার আগে নির্ধারিত প্রস্তুতি ক্যাম্পও বাতিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

এ বিষয়ে খেলোয়াড়দের চিঠি দিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে ইউএস সকার ফেডারেশন। চিঠির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বর্তমান পরিস্থিতি বিবেচনায় অনূর্ধ্ব-১৭ দলের টুর্নামেন্ট-পূর্ব প্রস্তুতি ক্যাম্প এবং বিশ্বকাপে অংশগ্রহণ—দুটিই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

চিঠিতে কাতারের জন্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জারি করা ‘লেভেল ৩’ ভ্রমণ সতর্কতার বিষয়টি তুলে ধরা হয়েছে। পাশাপাশি কাতারে অবস্থানরত মার্কিন দূতাবাসের কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য দেওয়া নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনার কথাও উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, ‘আমাদের খেলোয়াড় ও কর্মীদের কল্যাণ সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’

বুধবারের মধ্যেই সংশ্লিষ্ট ফুটবলারদের ক্লাবগুলোকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করার কথা রয়েছে। তবে ফিফার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য না করতে খেলোয়াড়দের নিরুৎসাহিত করেছে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। এ বিষয়ে ফিফার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

নিরাপত্তা উদ্বেগের পেছনে রয়েছে মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা। গত মাসে কাতার নিয়ে ভ্রমণ পরামর্শ হালনাগাদ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে দেশটির নাগরিকদের কাতার ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়।

হালনাগাদ ওই সতর্কবার্তায় সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে। সৌদি আরব ও ইয়েমেনকে ঘিরে চলমান সংঘাতের প্রেক্ষাপটে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। ৪৮টি দল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় ২১ নভেম্বর মন্টেনেগ্রোর বিপক্ষে প্রথম ম্যাচ খেলার কথা ছিল যুক্তরাষ্ট্রের। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ চিলি ও আলজেরিয়া।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত আগের আসরে শেষ ৩২-এ জায়গা করে নিয়েছিল যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ দল।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *