শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
চাঁদপুর সদর উপজেলার পদ্মা-মেঘনা নদী ও বিভিন্ন মাছঘাটে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৩০ কেজি ইলিশ ও ১০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। এসময় ইলিশ মজুতের অপরাধে দুই আড়তদারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুর সদর উপজেলার রনগোয়াল, দোকানঘর, বহরিয়া, হরিনা, আলুবাজার ফেরিঘাট খাল, আখনের ঘাট, নন্দী ঘাট, রাজরাজেশ্বর ও বড় স্টেশন মাছঘাট এলাকায় অভিযান চালানো হয়। এতে সদর উপজেলা মৎস্য বিভাগ, কোস্ট গার্ড ও নৌ-পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানে ইলিশ মজুতের অপরাধে বড় স্টেশন মাছঘাটের দুই আড়তদার মো. সেলিম ও মো. রফিককে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সকাল ১০টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
তিনি বলেন, জব্দ করা কারেন্টজাল ও ইলিশের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মা ইলিশ সংরক্ষণে জেলা ও উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।
