শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
চলতি মাসের ১৭ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। নিয়মিত অধিনায়ক রিচার্ড এনগারাভা না থাকায় দলকে নেতৃত্ব দেবেন অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজা।
সবশেষ জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের নেতৃত্বে ছিলেন এনগারাভা। তবে পিঠের চোটের কারণে তৃতীয় ম্যাচে খেলতে পারেননি তিনি। তার জায়গায় দায়িত্ব পান রাজা। এনগারাভার চোটে সবশেষ অস্ট্রেলিয়া সিরিজেও অধিনায়ক ছিলেন তিনি।
পুরোপুরি সেরে না ওঠায় আসন্ন ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না এনগারাভার। তার অনুপস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত সফরে দলের নেতৃত্বের দায়িত্ব সামলাবেন রাজা। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের পর আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজের দলও ঘোষণা করেছে দেশটি।
দুই সংস্করণের দলেই জায়গা পেয়েছেন নতুন দুই মুখ উইকেটকিপার-ব্যাটার তাফাদজওয়া সিগা ও লেগস্পিনার ভিনসেন্ট মাসেকেসা। ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই সাদা বলের দলে সুযোগ পেয়েছেন তারা।
এদিকে ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন গ্রায়েম ক্রেমার। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসের সিরিজে তিন ম্যাচের মধ্যে মাত্র একটিতে খেলেছিলেন তিনি। দীর্ঘ সাড়ে আট বছর পর ওয়ানডেতে ফিরলেও দলে জায়গা ধরে রাখতে পারেননি এই ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ঊরুর চোটে মাঠ ছাড়তে হয়েছিল ইনোসেন্ট কাইয়াকে। টি-টোয়েন্টি সিরিজের আগে তার সুস্থ হয়ে ওঠার আশা করছে জিম্বাবুয়ে। তাই ওয়ানডে দলে রাখা হয়নি তাকে।
ব্যাটিংয়ে রাজা, ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরের অভিজ্ঞতার ওপর ভরসা রাখছে জিম্বাবুয়ে। বোলিংয়ে নেতৃত্ব দেবেন ব্লেসিং মুজারাবানি, সঙ্গে থাকবেন ব্র্যাড ইভান্স। তবে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইভান্সের বদলে খেলবেন কুন্দাই মাতিগিমু।
ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের ওয়ানডে দল:
সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রেন্ডন টেলর, ব্রায়ান বেনেট, ক্রেইগ আরভিন, আর্নেস্ট মাসুকু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
আফগানিস্তানের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল: সিকান্দার রাজা (অধিনায়ক), বেন কারান, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্স, ব্রায়ান বেনেট, ইনোসেন্ট কাইয়া, কুন্দাই মাতিগিমু, নিউম্যান নিয়ামহুরি, রায়ান বার্ল, তাদিওয়ানাশে মারুমানি, তাফাদজওয়া সিগা, ভিনসেন্ট মাসেকেসা, ওয়েলিংটন মাসাকাদজা ও ওয়েসলি মাধেভেরে।
