শিরোনাম

ক্রোয়েশিয়াকে হারিয়ে টানা ৪৩ ম্যাচ অপরাজিত স্পেন

 বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

এক ম্যাচের পর আরেক ম্যাচ, তবুও হার যেন ভুলেই গেছে স্পেন। ইউরো ও বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নরা টানা ৪৩ ম্যাচ অপরাজিত থেকে গড়েছে নতুন এক দৃষ্টান্ত। 

উয়েফা নেশন্স লিগে মঙ্গলবার ক্রোয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে নিজেদের দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে স্পেন। প্রতিপক্ষের মাঠে শুরুতে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে মিকেল মেরিনোর জোড়া গোলে ম্যাচ ঘুরিয়ে দেয় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

এই জয়ে নেশন্স লিগের ‘এ’ লিগের তিন নম্বর গ্রুপে চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে স্পেন। একই সময়ে চেকিয়াকে ৩-০ গোলে হারানো ইংল্যান্ড ৯ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ক্রোয়েশিয়ার সংগ্রহ ৩ পয়েন্ট, আর চার ম্যাচের সবকটিতেই হেরেছে চেকিয়া।

ঘরের মাঠে ম্যাচের শুরুটা দারুণ করেছিল ক্রোয়েশিয়া। আগের ম্যাচে ইংল্যান্ডের কাছে সাত গোল হজম করা দলটি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। ১৭তম মিনিটে তারই ফল পায় তারা।

ইগর মাতানোভিচের শট কোনোমতে ঠেকিয়ে দিয়েছিলেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। কিন্তু ফিরতি বলে হেড করে গোল করেন অভিজ্ঞ ইভান পেরিসিচ। জাতীয় দলের হয়ে এটি ছিল ১৬২ ম্যাচে তার ৪০তম গোল।

গোল হজমের পর বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখলেও প্রথমার্ধে স্পেন আক্রমণে তেমন ধার দেখাতে পারেনি। প্রথম ৪৫ মিনিটে পাঁচটি শট নিয়ে মাত্র একটিকে লক্ষ্যে রাখতে সক্ষম হয় তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরার সুযোগ পেয়েছিল স্পেন। তবে দানি ওলমোর শট লক্ষ্যে রাখতে পারেননি। শেষ পর্যন্ত ৬১তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সফরকারীরা।

ডি-বক্সে ওলমোর পাস পেয়ে নিখুঁত প্লেসিং শটে গোল করেন মেরিনো। আগের ম্যাচেও বদলি হিসেবে নেমে চেকিয়ার বিপক্ষে গোল করেছিলেন তিনি।

মেরিনোর দারুণ এই পারফরম্যান্সে আবারও প্রমাণ হলো, গুরুত্বপূর্ণ মুহূর্তে বদলি হিসেবে নেমে ম্যাচের চিত্র পাল্টানোর ক্ষমতা তার রয়েছে।

৭৭তম মিনিটে নিজেদের ভুলে আবারও বিপদে পড়েছিল স্পেন। ভুল পাস পেয়ে পেরিসিচ একা গোলের সুযোগ পেলেও তার জোরালো শট পা দিয়ে ঠেকিয়ে দেন উনাই সিমন।

এর কিছুক্ষণ পর বড় ধাক্কা খায় স্বাগতিকরা। মার্ক কুকুরেইয়াকে পেছন থেকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন পেরিসিচ। ভিএআর পর্যালোচনার পরও সিদ্ধান্ত বহাল থাকে। ফলে শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় ক্রোয়েশিয়াকে।

এর সুযোগ কাজে লাগিয়ে ৮৮তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন মেরিনো। মার্তিন সুবিমেন্দির পাস নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বাধা এড়িয়ে শক্তিশালী শটে বল জালে পাঠান তিনি।

শেষ মুহূর্তে আর ঘুরে দাঁড়াতে পারেনি ক্রোয়েশিয়া। ফলে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *