ইরান কূটনীতির জন্য যেমন প্রস্তুত, তেমনি ‘মহাপ্রলয়ের’ জন্যও প্রস্তুত : আরাগচি

 সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বসতে প্রস্তুত ইরান। তবে দেশটির ওপর নতুন করে সামরিক হামলা হলে তার জবাব দিতেও তেহরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

রবিবার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে আরাগচি বলেন, কূটনীতির পাশাপাশি যুদ্ধের জন্যও প্রস্তুত রয়েছে ইরান। তিনি জানান, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ইরানের দেওয়া সাত দিনের প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন—এমন খবর তারা পেয়েছেন। তবে এ বিষয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে তেহরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁদের প্রস্তাব পরিষ্কার। যুক্তরাষ্ট্র নির্দিষ্ট কিছু পদক্ষেপ নিলে হরমুজ প্রণালি খুলে দিতে প্রস্তুত ইরান। তাঁর বিশ্বাস, চার থেকে পাঁচ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। প্রস্তাব অনুযায়ী, ষষ্ঠ দিনে প্রণালিটি খুলে দেওয়া হবে এবং সপ্তম দিনে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে দুই পক্ষ আবারও আলোচনায় বসবে।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মার্কিন সামুদ্রিক অবরোধের পর জ্বালানি পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান।

ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে চরম আস্থার সংকট রয়েছে বলেও মন্তব্য করেন আরাগচি। তাঁর অভিযোগ, ২০২৪ ও ২০২৫ সালে আলোচনার সময় ইরানের ওপর হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। এমনকি একটি চুক্তি স্বাক্ষরের পরপরই সেটি লঙ্ঘন করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

গত জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ইরান প্রথম লঙ্ঘন করেছে—এমন দাবি প্রত্যাখ্যান করে আরাগচি বলেন, ওয়াশিংটনের যদি মনে হয়ে থাকে তেহরান চুক্তি ভঙ্গ করেছে, তাহলে ইরানে বোমা হামলা না চালিয়ে চুক্তিতে থাকা বিরোধ নিষ্পত্তির ধারা কার্যকর করা যেত।

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন হামলার প্রসঙ্গে আরাগচি বলেন, আগের যুদ্ধ থেকে শিক্ষা নিয়েছে ইরান এবং সেই অভিজ্ঞতার আলোকে দেশটির সামরিক কৌশলেও পরিবর্তন এসেছে। তাঁর ভাষায়, যুদ্ধ আবার শুরু হলে ইরান সম্পূর্ণ প্রস্তুত থাকবে। পরিস্থিতি ‘মহাপ্রলয়ের’ রূপ নিলেও নতুন যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর কথা জানান তিনি। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের পথও খোলা রাখার কথা পুনর্ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *