শিরোনাম

৯/১১ ঘটনার ২৫ বছর: ‘সন্ত্রাসবাদী হামলা’ না লিখতে সাংবাদিকদের নির্দেশ সিবিসির

শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

নাইন-ইলেভেন হামলার ২৫ বছর পূর্তির আগে নতুন এক নির্দেশনা ঘিরে সমালোচনার মুখে পড়েছে কানাডার সরকারি সংবাদমাধ্যম সিবিসি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ হামলার ২৫তম বার্ষিকী উপলক্ষে প্রতিবেদন তৈরির সময় ঘটনাটিকে ‘সন্ত্রাসবাদী হামলা’ হিসেবে উল্লেখ না করতে সাংবাদিকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার ফোর্বসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সিবিসি আগে থেকেই ‘সন্ত্রাসবাদ’ ও ‘সন্ত্রাসবাদী’ শব্দ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে। তবে এবার ৯/১১-এর ২৫তম বার্ষিকী উপলক্ষে বিষয়টি নিয়ে তাদের সাংবাদিকদের নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার সিবিসির পাবলিক অ্যাফেয়ার্স ডিরেক্টর কেরি কেলি বিষয়টি ব্যাখ্যা করেন। তার ভাষ্য, সিবিসির নীতিমতে ‘সন্ত্রাসবাদ’ বা ‘সন্ত্রাসবাদী’ শব্দ সরাসরি সংবাদমাধ্যমের বর্ণনায় ব্যবহার না করে কেবল কোনো ব্যক্তির বক্তব্য উদ্ধৃত করার সময় কিংবা কোনো নির্দিষ্ট উৎস বা সাক্ষাৎকারদাতা শব্দটি ব্যবহার করলে তা প্রতিবেদনে রাখা হবে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে ভয়াবহ হামলা চালানো হয়। ওই ঘটনায় ২৬ জন কানাডীয় নাগরিকসহ প্রায় তিন হাজার মানুষ নিহত হন। আগামী ১১ সেপ্টেম্বর হামলার ২৫ বছর পূর্ণ হবে।

ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ‘টরন্টো সান’-এর এক কলামিস্ট দাবি করেন, ৯/১১ হামলা নিয়ে প্রতিবেদন তৈরির ক্ষেত্রে সিবিসি তাদের সাংবাদিকদের একটি নোট দিয়েছে। সেখানে হামলাটিকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে বর্ণনা না করার নির্দেশনা রয়েছে বলে উল্লেখ করা হয়। এরপরই বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ভিকি প্যালানিডোও সিবিসির সমালোচনা করেছেন। তার অভিযোগ, এই ধরনের নির্দেশনা ৯/১১ হামলায় নিহত ব্যক্তি ও তাদের পরিবারের স্মৃতির প্রতি অবমাননাকর।

প্যালানিডো বলেন, ২৫ বছর আগের ভয়াবহ ঘটনাটির গুরুত্বকে খাটো করার মতো এই নির্দেশনা অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক। গণআস্থার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে যখন বামপন্থি ও বিদেশি স্বার্থের হাতে তুলে দেওয়া হয়, তখন এমন পরিস্থিতির সৃষ্টি হয় বলেও মন্তব্য করেন তিনি।

তবে শুধু সিবিসিই নয়, এর আগেও সংবাদ প্রতিবেদনে ‘সন্ত্রাসবাদ’ ও ‘সন্ত্রাসবাদী’ শব্দ ব্যবহারে সতর্ক অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। যদিও ৯/১১ হামলাকে কেন্দ্র করে নয়, তাদের সাংবাদিকদের এই শব্দ দুটি ব্যবহারে সতর্ক থাকতে কিংবা সম্ভব হলে এড়িয়ে যেতে বলা হয়েছিল।

এপির ব্যাখ্যা অনুযায়ী, সন্ত্রাসবাদ বলতে বেসামরিক নাগরিকদের মধ্যে ভয় তৈরি করার উদ্দেশ্যে সহিংসতা ব্যবহারের বিষয়টি বোঝায়। কিন্তু ‘সন্ত্রাসবাদ’ ও ‘সন্ত্রাসবাদী’ শব্দ দুটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর এবং বিভিন্ন ক্ষেত্রে অসঙ্গতভাবে ব্যবহৃত হওয়ায় সংবাদ প্রতিবেদনে এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন বলে মনে করে প্রতিষ্ঠানটি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *