শিরোনাম

আফগানিস্তানের জয়ে ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত বাংলাদেশের

প্রকাশ: ১১ আগস্ট, ২০২৬

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তানের জয়ে বাংলাদেশের সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। তাদের এই জয়ের ফলে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের হিসাব অনুযায়ী ২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশও।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, বর্তমান ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশ। এ ছাড়া আয়োজক দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলবে।

অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের এবারও বিশ্বকাপের মূল পর্বে জায়গা পেতে পেরোতে হবে বাছাইপর্বের বাধা। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয় দলকে।

এর আগে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি জায়গা করে নিতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সেবারই বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো মূল পর্বে খেলতে ব্যর্থ হয় তারা।

বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ১০ নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার জন্য আইসিসি নির্ধারিত সময়সীমা চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে ভারতের বিপক্ষে আরও দুটি ওয়ানডে খেলবে ক্যারিবীয়রা।

ভারতের বিপক্ষে দুটি ম্যাচ জিতলেও নির্ধারিত সময়ের মধ্যে সেরা আটে উঠে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার মতো পর্যাপ্ত পয়েন্ট অর্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয়। ফলে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে।

বাছাইপর্ব থেকেই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার লড়াই শুরু করবে ক্যারিবীয় দল।

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *