বুধবার, ২৯ জুলাই, ২০২৬
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও ওপরের দিকে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, ১১৩ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর নিয়ে বিশ্বের পঞ্চম দূষিত শহর ঢাকা। এই মাত্রার বায়ুকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
তালিকার শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার একিউআই স্কোর ১৬৮। দ্বিতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৫৪), তৃতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা (১৫২) এবং চতুর্থ স্থানে ইসরায়েলের জেরুজালেম (১১৪)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই ০–৫০ হলে বায়ুর মান ভালো, ৫১–১০০ মাঝারি, ১০১–১৫০ সংবেদনশীল ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১–২০০ হলে তা অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। ২০১–৩০০ স্কোরকে খুব অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি হলে তা স্বাস্থ্যঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
বিশেষজ্ঞরা বায়ুদূষণের এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক এবং শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। বাইরে বের হলে মাস্ক ব্যবহার এবং দীর্ঘ সময় খোলা পরিবেশে অবস্থান এড়িয়ে চলারও আহ্বান জানানো হয়েছে।
