ইরানে বুশেহরে ফের মার্কিন হামলা

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বুশেহরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শহরটিতে যুক্তরাষ্ট্রের হামলার পর এই বিস্ফোরণ ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বুশেহরের গভর্নর মোহাম্মদ মোজাফফারি।

তাসনিমের খবরে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলে জরুরি সেবা সংস্থার সদস্যরা কাজ করছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে তারা ইরানের সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে এই অভিযান শুরু হয় বলে জানানো হয়েছে।

সেন্টকমের দাবি, এই হামলার উদ্দেশ্য হলো ইরানের এমন সামরিক সক্ষমতা দুর্বল করা, যা আঞ্চলিক জলপথে চলাচলকারী বেসামরিক জাহাজ ও বাণিজ্যিক নৌযানের জন্য হুমকি সৃষ্টি করতে পারে।

অন্যদিকে, কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ড্রোন প্রতিহত করতে দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, আকাশে বিস্ফোরণের যে শব্দ শোনা যাচ্ছে, তা ড্রোন ভূপাতিত করার সময় সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার জন্য নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে।

এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক সহযোগিতা জোরদারের একটি বিধানসহ ১ দশমিক ১৫ ট্রিলিয়ন ডলারের সামরিক ব্যয় বিল পাস হয়েছে। তবে রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস ম্যাসি এর সমালোচনা করে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য উদ্বেগের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, বিলটি সিনেটে অনুমোদন পাবে না।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *