শিরোনাম

ব্রেন্টফোর্ডকে উড়িয়ে শিরোপার দৌড়ে টিকে রইল ম্যানসিটি

 রবিবার, ১০ মে, ২০২৬

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে নিজেদের আশা জিইয়ে রাখল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়ে আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে পেপ গার্দিওলার দল।

ম্যাচের প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে সিটি। ৬০ মিনিটে জেরেমি ডোকুর অসাধারণ বাঁকানো শটে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৭৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আর্লিং হলান্ড। মৌসুমে এটি ছিল তার ২৬তম গোল। যোগ করা সময়ে ওমর মারমুশ গোল করে বড় জয় নিশ্চিত করেন।

এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ব্যবধান কমিয়ে মাত্র দুই পয়েন্টে নামিয়ে এনেছে সিটি। তবে আর্সেনালের হাতে এখনো একটি ম্যাচ কম রয়েছে।

গত সপ্তাহে এভারটনের সঙ্গে ড্র করে কিছুটা চাপে পড়লেও এবার গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকল গার্দিওলার শিষ্যরা।

ম্যাচে শুরুতে ব্রেন্টফোর্ড শক্ত প্রতিরোধ গড়ে তুললেও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নামানোর পর সিটির আক্রমণে গতি আসে। ডোকুর গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় বর্তমান চ্যাম্পিয়নরা।

এদিকে মৌসুমের শেষভাগে শিরোপা নির্ধারণী লড়াই আরও জমে উঠেছে। আর্সেনাল যদি বাকি ম্যাচগুলো জিততে পারে, তবে দীর্ঘ ২২ বছর পর প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে তাদের।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *