শিরোনাম

খাবার নিয়ে সহকর্মীকে অপমান, প্রযোজককে একহাত নেন অক্ষয় খান্না

 রবিবার, ১০ মে, ২০২৬

পরপর ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়ে বলিউড অভিনেতা অক্ষয় খান্না বর্তমানে সাফল্যের তুঙ্গে রয়েছেন। সাফল্যের এই আবহে বড় পর্দার এই অন্তর্মুখী অভিনেতার এক অজানা রূপের কথা প্রকাশ্যে এনেছেন অভিনেতা অমিত বহেল। 

সম্প্রতি সিদ্ধার্থ কাননের ইউটিউব পডকাস্টে তিনি স্মৃতিচারণা করেন এমন এক ঘটনার, যেখানে একজন স্বল্প পরিচিত অভিনেতার আত্মসম্মান রক্ষায় আগ্নেয়গিরির মতো ফেটে পড়েছিলেন অক্ষয়।

অমিত বহেল জানান, একটি চলচ্চিত্রের শুটিং চলাকালীন প্রধান অভিনয়শিল্পী এবং কলাকুশলীদের যে হোটেলে রাখা হয়েছিল, সেখানে দুপুরের খাবার খেতে এসেছিলেন অন্য এক হোটেলে থাকা একজন চরিত্রাভিনেতা। সেই অভিনেতা যখন বুফে থেকে খাবার নিয়ে প্রথম গ্রাসটি মুখে তুলেছেন, ঠিক তখনই প্রযোজকের পরিবারের কোনো সদস্য বা আত্মীয় বিষয়টি লক্ষ করেন এবং আপত্তি জানান। সঙ্গে সঙ্গে প্রোডাকশনের পক্ষ থেকে সেই অভিনেতাকে খাবার খেতে বাধা দিয়ে বলা হয় যে, এটি তার জন্য নয়। অত্যন্ত ব্যথিত হয়ে সেই অভিনেতা নিজের প্লেটটি সরিয়ে রেখে নিঃশব্দে একপাশে গিয়ে বসে পড়েন।

এই ঘটনাটি অক্ষয় খান্নার নজর এড়ায়নি। সাধারণত সেটে খুব কম কথা বলা এই অভিনেতা সেদিন আর চুপ থাকতে পারেননি। অমিত বহেলের ভাষায়, অক্ষয় সেদিন ক্ষুধার প্রকৃত অর্থ এবং একজন শিল্পীর সম্মান নিয়ে এক দীর্ঘ ভাষণ দিয়েছিলেন। অক্ষয় সাফ জানিয়ে দেন, কয়টি প্লেট নষ্ট হলো বা কতটুকু খাবার খরচ হলো, তা দিয়ে সিনেমা তৈরি হয় না; বরং সিনেমা তৈরি হয় মানুষের আশীর্বাদে। সেদিন সেটে উপস্থিত সকলে অক্ষয় খান্নার এক অন্য রূপ দেখেছিলেন। শান্ত স্বভাবের এই মানুষের ভেতর থেকে যেভাবে প্রতিবাদী কণ্ঠস্বর বেরিয়ে এসেছিল, তা দেখে সকলে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন।

বর্তমানে অক্ষয় খান্না তার নতুন কাজ নিয়ে অত্যন্ত ব্যস্ত। ‘ধুরন্ধর’ ছবিতে লিয়্যারি গ্যাংস্টার রেহমান ডাকাইত হিসেবে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছে। এবার তিনি পা রাখতে চলেছেন দক্ষিণী সিনেমাতেও। ‘মহাকালী’ ছবির মাধ্যমে তার তেলুগু অভিষেক হতে চলেছে। এর পাশাপাশি নেটফ্লিক্সের নতুন প্রজেক্ট ‘ইক্কা’-তে সানি দেওলের বিপরীতে তাকে প্রধান খলনায়কের ভূমিকায় দেখা যাবে। 

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *