শিরোনাম

অবশেষে সাড়ে আট কোটির ইংলিসকে পাচ্ছে লখনৌ

শনিবার, ০২ মে, ২০২৬

লখনৌ সুপার জায়ান্টসের দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। আট কোটি ৬০ লাখ রুপিতে দলে নেওয়া অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যান জশ ইংলিসকে পরের ম্যাচেই মাঠে নামাতে পারবে তারা। ইতোমধ্যেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি, ফলে তার অভিষেক এখন সময়ের অপেক্ষা মাত্র।

ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়ে গেছেন দলটির দক্ষিণ আফ্রিকান কিপার-ব্যাটসম্যান ম্যাথু ব্রিটস্কি।

গত ১৮ এপ্রিল বিয়ের পিঁড়িতে বসেন ইংলিস। এই কারণে এবারের আসরের শুরুতে তাকে পাওয়া যাবে না, নিলামের আগেই জানিয়ে দিয়েছিলেন তিনি। তবুও তাকে নিয়ে নিলামের টেবিলে চলে কাড়াকাড়ি। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত বিজয়ী হয় লখনৌ। আইপিএলের গত আসরে পাঞ্জাব কিংসের হয়ে খেলেন ইংলিস। সেবার তেমন ভালো করতে পারেননি তিনি; ১৬২.৫৭ স্ট্রাইক রেট ও এক ফিফটিতে ২৭৮ রান করেন ডানহাতি ব্যাটসম্যান।

এরই মধ্যে লখনৌ দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন অস্ট্রেলিয়ান কিপার-ব্যাটসম্যানটি। ওয়াংখেড়েতে সোমবার মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে দলটি।

চলতি আসরে একদমই ভালো করছেন না নিকোলাস পুরান। আট ম্যাচে স্রেফ ৮২ রান করতে পেরেছেন ওয়েস্ট ইন্ডিজের কিপার-ব্যাটসম্যান। মিচেল মার্শ ও এইডেন মার্করামও পারছেন না প্রত্যাশা পূরণ করতে। বিদেশি ক্রিকেটারদের ফর্মহীনতায় আসছে ম্যাচে সরাসরি একাদশে জায়গা করে নিতে পারেন ইংলিস। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকায় ফিরে গেছেন ব্রিটস্কি। গত রবিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচের আগেই তিনি দল ছাড়েন। ক্রিকইনফোর খবর, স্ত্রীর পরিবারের এক নিকটাত্মীয়ের মৃত্যুর কারণে তিনি মূলত দেশে ফিরেছেন।

চলতি আসরে ব্রিটস্কি আবার ফিরবেন কি না, সেটা এখনও অনিশ্চিত। এখন পর্যন্ত আসরে আট ম্যাচ খেলে স্রেফ দুটি জিতেছে লখনৌ। ১০ দলের প্রতিযোগিতায় পয়েন্ট টেবিলে তলানিতে আছে তারা।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *