শিরোনাম

এমবাপ্পের চোট নিয়ে স্বস্তি, বায়ার্ন ম্যাচে খেলার সম্ভাবনা জোরালো

সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

কিলিয়ান এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা থাকলেও আপাতত স্বস্তির খবর পেয়েছে রিয়াল মাদ্রিদ সমর্থকেরা। জিরোনার বিপক্ষে ম্যাচে রক্তাক্ত অবস্থায় মাঠ ছাড়লেও বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা বেশ উজ্জ্বল।

গত শুক্রবার জিরোনার বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচের ৮৮ মিনিটে বক্সে ঢোকার সময় ডিফেন্ডার ভিতোর রেইসের কনুইয়ের আঘাতে চোট পান এমবাপ্পে। মাঠ ছাড়ার সময় তাঁর ডান ভ্রু বেয়ে রক্ত ঝরতে দেখে উদ্বেগ ছড়িয়ে পড়ে গ্যালারিতে।

তবে ‘দ্য অ্যাথলেটিক’-এর সাংবাদিক মারিও কোর্তেহানার তথ্য অনুযায়ী, এই চোট গুরুতর নয়। বায়ার্ন মিউনিখর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে তাঁকে পাওয়া নিয়ে বড় কোনো শঙ্কা নেই।

রিয়াল মাদ্রিদও আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এমবাপ্পের ডান ভ্রুতে কয়েকটি সেলাই দিতে হয়েছে। ব্যথার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে অনুশীলন থেকে বিরত রাখা হয়েছে, তবে বড় কোনো জটিলতা নেই।

চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে থাকায় মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ঘুরে দাঁড়াতে এমবাপ্পের মতো খেলোয়াড়কে ভীষণ প্রয়োজন রিয়ালের।

এদিকে ম্যাচে তাঁর আঘাতের দৃশ্য সরাসরি সম্প্রচারে না দেখানো নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। লা লিগা কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এটি কোনো সেন্সরশিপ নয়; ক্যামেরার সীমাবদ্ধতার কারণেই দৃশ্যটি ধরা পড়েনি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *