শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এতথ্য নিশ্চিত হওয়া গেছে।
মৃত শিশুরা হলো- হবিগঞ্জ জেলার নবীগঞ্জের জনাধন সরকারের ৫ মাসের শিশু রূপায়ন ও সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার নারায়নের চার মাস ২২ দিনের শিশু সন্তান অর্পণা।
দুই শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এ নিয়ে সিলেটজুড়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ জনে।
তারমধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৬৭ জন, সুনামগঞ্জ জেলায় ৬৪ জন, হবিগঞ্জে ২৪ ও মৌলভীবাজার জেলায় ১৫ জন।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে নতুন করে ১৬১ জন রোগী ভর্তি হয়েছে। তারমধ্যে সিলেটে হামের বিশেষায়িত শহীদ সামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৪ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, রাগিব রাবেয়া হাসপাতালে ১০ জন, নর্থইস্ট হাসপাতালে ১২ জন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতাল ২৫ জন এবং বাকিরা অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৫৩ জন। তন্মধ্যে সিলেটে ৩৮৫ জন, সুনামগঞ্জে ৩৫৭ জন, মৌলভীবাজার ১৫৮ জন ও হবিগঞ্জে ১৫৭ জন আক্রান্ত হয়।
