রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
যুক্তরাজ্যের ইয়র্কশায়ারে একটি চিড়িয়াখানায় বাঘের বেষ্টনীতে ঝাঁপ দেওয়ার পর বাঘের আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশের বরাতে জানা গেছে, শনিবার দুপুরে ডনকাস্টারের কাছে ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্কে এ ঘটনা ঘটে।
দক্ষিণ ইয়র্কশায়ার পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর ১টা ৩০ মিনিটের কিছু পর জরুরি সেবায় খবর দেওয়া হয়। এক ব্যক্তি বাঘের খাঁচায় প্রবেশ করার পর বাঘটি তার ওপর আক্রমণ চালায়। ঘটনাস্থলে জরুরি সেবার কর্মীরা পৌঁছালেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়। তাঁর পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানানো হয়েছে।
পুলিশের এক মুখপাত্র জানান, বাঘটি ওই ব্যক্তিকে আক্রমণ করে গুরুতর জখম করে। চিকিৎসাকর্মীরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে বাঘের খাঁচার ভেতরে এক ব্যক্তিকে বাঘের থাবার আঘাতের শিকার হতে এবং বাঘটির সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। তবে পুলিশ এসব ভিডিও ছড়িয়ে না দেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। তাদের ভাষ্য, ভিডিওগুলো অত্যন্ত মর্মান্তিক ও কষ্টদায়ক।
বাঘটি অক্ষত, জনসাধারণের জন্য ঝুঁকি নেই
ঘটনার পর বাঘটির অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, বাঘটি আহত হয়নি এবং ঘটনার পরও খাঁচার ভেতরেই ছিল। তাই চিড়িয়াখানার অন্য দর্শনার্থী কিংবা সাধারণ মানুষের জন্য বাড়তি কোনও ঝুঁকি নেই।
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বাঘের খাঁচার ভেতরে একটি গুরুতর ঘটনা ঘটেছে। ঘটনার পরপরই জরুরি সাড়াদানের প্রক্রিয়া চালু করা হয় এবং জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
কর্তৃপক্ষ আরও জানায়, ঠিক কী ঘটেছিল, তা নির্ধারণ করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। দর্শনার্থী, কর্মী ও প্রাণীদের নিরাপত্তা এবং কল্যাণ তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
উদ্ধারকাজে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার
ইয়র্কশায়ার অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে একাধিক জরুরি সেবার দল পাঠানো হয়। এর মধ্যে ছিল দুটি অ্যাম্বুলেন্স, ইয়র্কশায়ার এয়ার অ্যাম্বুলেন্স এবং একজন চিকিৎসক। তবে এত দ্রুত চিকিৎসাসহায়তা পৌঁছালেও ওই ব্যক্তির জীবন রক্ষা করা যায়নি।
ঘটনাটি কীভাবে ঘটল এবং ওই ব্যক্তি কীভাবে বাঘের খাঁচায় প্রবেশ করলেন, তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিপন্ন প্রজাতির বাঘের আবাসস্থল
ইয়র্কশায়ার ওয়াইল্ডলাইফ পার্ক ২০০৯ সালে চালু হয়। সেখানে ‘ল্যান্ড অব দ্য টাইগার্স’ নামে বাঘের জন্য বিশেষ আকর্ষণ চালু করা হয় ২০১১ সালে। প্রায় দুই একর আয়তনের বিশেষভাবে নির্মিত সংরক্ষিত এলাকায় আমুর বাঘ রাখা হয়।
আমুর বাঘ বিপন্ন উপপ্রজাতির বাঘ। বন্য পরিবেশে এ প্রজাতির প্রায় ৫০০টি বাঘ টিকে আছে বলে ধারণা করা হয়।
পার্কের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতে দর্শনার্থীদের চলাচলের জন্য উঁচু পথ এবং বাঘের বিচরণক্ষেত্রের চারপাশে বেড়া দেখা যায়।
