অনলাইন ডেস্ক, ঢাকা
ম্যাচের বিরতিতে মাঠে সতীর্থদের সঙ্গে ওয়ার্ম-আপ করছিলেন সাবেক ইংল্যান্ড ও টটেনহাম ফরোয়ার্ড আন্দ্রোস টাউনসেন্ড। হঠাৎ মাঠে ঢুকে পড়া একটি মোটরচালিত পিচ রোলারের ধাক্কায় মাটিতে পড়ে যান ৩৫ বছর বয়সী এই ফুটবলার। তবে সৌভাগ্যক্রমে গুরুতর চোট পাননি তিনি।
শনিবার থাই লিগ ওয়ানের ম্যাচে পাট্টানির মাঠে ঘটে এই অদ্ভুত দুর্ঘটনা। বিরতির সময় প্রাচুয়াপের খেলোয়াড়েরা মাঠের এক পাশে অনুশীলন করছিলেন। এ সময় মাঠকর্মীদের একজন মোটরচালিত রোলার নিয়ে মাঠে প্রবেশ করেন।
সতীর্থকে পাস দেওয়ার জন্য অনুশীলনের জায়গা থেকে বের হচ্ছিলেন টাউনসেন্ড। ঠিক তখনই পেছন থেকে আসা রোলারটি তার সঙ্গে ধাক্কা খায়। ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান এবং রোলারটি তার পায়ের ওপর দিয়ে উঠে প্রায় কোমর পর্যন্ত চলে যায়।
ঘটনার পরপরই রোলারের চালক নেমে এসে সেটি সরিয়ে টাউনসেন্ডকে উঠতে সাহায্য করেন। আশ্চর্যজনকভাবে খুব অল্প সময়ের মধ্যেই উঠে দাঁড়ান তিনি। পরে তাকে আবার স্বাভাবিকভাবেই ওয়ার্ম-আপ করতে দেখা যায়।
শুধু তাই নয়, ম্যাচের শেষ দিকে বদলি হিসেবে মাঠেও নামেন টাউনসেন্ড। তার দল প্রাচুয়াপও শেষ পর্যন্ত ম্যাচটি ৩-০ গোলে জিতে নেয়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে রসিকতা করেছেন টাউনসেন্ড। ইনস্টাগ্রামে তিনি লেখেন, “মনে হচ্ছে, স্টোকের মাঠে খেলতে যাওয়া মোটেও খারাপ ছিল না।” ইংলিশ ফুটবলে স্টোক সিটির মাঠে খেলাকে কঠিন অভিজ্ঞতা হিসেবে দেখা হয়—সেই প্রসঙ্গেই এই রসিকতা করেন তিনি।
২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টটেনহাম, নিউক্যাসল ইউনাইটেড, ক্রিস্টাল প্যালেস, এভারটন ও লুটনের হয়ে ইংলিশ ফুটবলে খেলেছেন টাউনসেন্ড। ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতেও ১৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।
২০২৪ সালে ইংল্যান্ড ছাড়ার পর তুরস্কের একটি ক্লাবে স্বল্প সময় কাটিয়ে থাইল্যান্ডে পাড়ি জমান এই ইংলিশ ফুটবলার।
