শিরোনাম

মহাসড়কের পাশ থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পাশের নিচু এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি পাঁচ থেকে ছয় দিন আগের বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের দলারদরগা বাজারের পশ্চিম পাশে মহাসড়কের পাশের নিচু এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে এক পথচারী মহাসড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে বিষয়টি নবাবগঞ্জ থানার পুলিশকে জানানো হয়। মরদেহটির মুখে পাকা দাড়ি ও মাথায় পাকা চুল রয়েছে। উদ্ধারের সময় মরদেহটির শরীরে কোনো পোশাক ছিল না। তবে ঘটনাস্থলের পাশ থেকে একটি লুঙ্গি ও একটি পাঞ্জাবি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আশপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *