বিশ্বকাপে হতাশাজনক শুরু, যা বললেন রোনালদো

বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বিশ্বকাপে বুধবার রাতে পর্তুগালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ডিআর কঙ্গো। তবে ম্যাচের ফলের পাশাপাশি সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স। তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

এমন পরিস্থিতিতে অবশেষে নীরবতা ভেঙেছেন পর্তুগিজ মহাতারকা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় রোনালদো জানিয়েছেন, প্রথম ম্যাচের ফল হতাশাজনক হলেও বিশ্বকাপ অভিযান এখনো অনেক বাকি।

রোনালদো লিখেছেন, ‘আমরা যেভাবে শুরু করতে চেয়েছিলাম, এটা ঠিক তেমন না। কিন্তু সবকিছু এখনো শেষ হয়ে যায়নি। বিশ্বকাপের মূল লড়াই এখনো বাকি।’

এদিন ম্যাচের শুরু থেকেই বলের দখলে আধিপত্য ছিল পর্তুগালের। ডিআর কঙ্গোকে নিচে নামিয়ে রেখে আক্রমণ সাজাতে থাকে রোবের্তো মার্তিনেজের দল। ফলও পায় দ্রুত। ষষ্ঠ মিনিটে ডান দিক থেকে পেদ্রো নেতোর দারুণ ক্রসে হেড করেন নেভেস। বল যায় দূরের কোণে। এগিয়ে যায় পর্তুগাল। পর্তুগালের জার্সিতে এটি নেভেসের চতুর্থ গোল।

গোলের পরও বেশির ভাগ সময় বল ছিল পর্তুগালের পায়ে। প্রথমার্ধে একসময় তাদের দখলে ছিল ৮০ শতাংশ বল। তবে এত দখল নিয়েও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারছিল না তারা।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আসে ডিআর কঙ্গোর ইতিহাস গড়ার মুহূর্ত। ছোট করে নেওয়া কর্নারের পর পর্তুগাল রক্ষণে ভুল করে বসে। ব্রুনো ফার্নান্দেস সিদ্ধান্ত নিতে দেরি করেন, তমাস আরাউজোও উইসাকে ফাঁকা রেখে দেন। সুযোগ পেয়ে দারুণ হেডে বল ওপরের বাঁ কোণে পাঠান উইসা। এটি ছিল ডিআর কঙ্গোর ৫২ বছরের মধ্যে প্রথম বিশ্বকাপ গোল। সেই গোলেই বিরতিতে ম্যাচ যায় ১-১ সমতায়।

দ্বিতীয়ার্ধেও দুই দলের লড়াই চলে সমান তালে। ৫৫ মিনিটে ফের এগিয়ে যেতে পারতো পর্তুগাল। বক্সের মধ্যে ক্যানসেলো অসাধারণ দক্ষতায় এক বাইসাইকেল কিকে বলটি সরাসরি জালের ওপরের কোণে পাঠিয়ে দেন। কিন্তু গোল উদযাপনের আগেই সহকারী রেফারির পতাকা ওপরে উঠে যায়, অফসাইড।

এদিন সবার নজর ছিল রোনালদোর দিকে। তবে তিনি প্রথমার্ধে যেমন নিষ্প্রভ ছিলেন, দ্বিতীয়ার্ধেও প্রত্যাশার ছাপ রাখতে পারেননি রোনালদো। বেশ কয়েকবার বল পেলেও গোলমুখে কোনো শটই নিতে পারেননি তিনি। বরং সুযোগ নষ্ট করেছেন একাধিক। ফলে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্রয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পর্তুগালকে।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *