সোমবার, ২২ জুন, ২০২৬
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে রিপন বেগম (৩২) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আশিক মিয়ার বিরুদ্ধে। ঘটনার পর স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। রবিবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার করগাঁও ইউনিয়নের শেরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর গ্রামের ছুল্লুক মিয়ার ছেলে আশিক মিয়া ও তার স্ত্রী রিপন বেগম সন্তানদের নিয়ে কালিয়ারভাঙ্গা মান্দারকান্দি গ্রামে বসবাস করতেন। সেখানে তারা হাঁসের খামার পরিচালনা করে জীবিকা নির্বাহ করতেন। অতিরিক্ত ঋণের চাপ ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল।
রবিবার বিকেলে আশিক মিয়া স্ত্রী রিপন বেগমকে নিয়ে নিজ বাড়ি শেরপুর গ্রামে যান। পরে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আশিক মিয়া ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করেন। এতে রিপন বেগম গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে অভিযুক্ত আশিক মিয়াকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে নবীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে হেফাজতে নেয়।
নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) দুলাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্বামীকে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
