শিরোনাম

টেন্ডুলকারকে পেছনে ফেলে রুটের নতুন ইতিহাস

বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাট হাতে মাঠে নামলেই যেন রেকর্ডের পাতায় নতুন করে নাম লেখাচ্ছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেই আন্তর্জাতিক ক্রিকেটে নতুন মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে ২৩ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন রুট। এই কীর্তি গড়তে তাঁর লেগেছে ৫২১ ইনিংস। এর মাধ্যমে তিনি পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে। ৫২২ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করেছিলেন টেন্ডুলকার।

রেকর্ডের এই তালিকায় রুটের ওপরে রয়েছেন কেবল ভারতের বিরাট কোহলি। ৪৯০ ইনিংসে ২৩ হাজার আন্তর্জাতিক রান পূর্ণ করে দ্রুততম হিসেবে রেকর্ডটি গড়েছিলেন কোহলি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে ২৩ হাজার রানের মাইলফলক থেকে মাত্র তিন রান দূরে ছিলেন রুট। এরপর দারুণ এক রিস্ট ফ্লিকে চার মেরে কাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছে যান ইংলিশ এই ব্যাটার।

এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ২৩ হাজার রানের ক্লাবে নাম লেখানো অষ্টম ব্যাটার এবং প্রথম ইংলিশ ক্রিকেটার হলেন রুট। তাঁর আগে এই কীর্তি রয়েছে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রাহুল দ্রাবিড়, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, রিকি পন্টিং ও জ্যাক ক্যালিসের।

টেস্ট ক্রিকেটেও একের পর এক রেকর্ড নিজের করে নিচ্ছেন রুট। সম্প্রতি টেস্টে সবচেয়ে বেশি হাফ-সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারকে পেছনে ফেলেছেন তিনি। এবার তাঁর সামনে ভারতের কিংবদন্তির আরেকটি বড় রেকর্ড—টেস্টে সর্বোচ্চ রানের মাইলফলক।

টেস্টে বর্তমানে রুটের সংগ্রহ ১৪ হাজার ২৭৮ রান। টেন্ডুলকারের ১৫ হাজার ৯২১ রানের রেকর্ড থেকে তিনি পিছিয়ে ১ হাজার ৬৪৩ রানে। ৩৫ বছর বয়সী রুট চলতি বছরের ডিসেম্বরে ৩৬-এ পা দেবেন। তবে ব্যাট হাতে তাঁর ধারাবাহিকতায় এখনো বড় কোনো ছন্দপতন দেখা যায়নি।

টেস্টে টেন্ডুলকারের ২০০ ম্যাচ খেলার রেকর্ডেও চোখ রয়েছে রুটের। সেই মাইলফলক ছুঁতে ইংলিশ ব্যাটারের প্রয়োজন আরও ৩১টি টেস্ট।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *