রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদাবাজিকে কেন্দ্র করে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
শনিবার রাতে ঘটনার পর স্টুডিওর ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন সালমান। এতে স্টুডিওর আসবাবপত্র ও বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে দেখা যায়।
ভিডিওতে স্টুডিওর বিভিন্ন অংশ ঘুরে দেখান সালমান মুক্তাদির। সেখানে চেয়ার, টেবিল, টেলিভিশনসহ বিভিন্ন আসবাব ও সরঞ্জাম ভাঙা অবস্থায় দেখা যায়। স্টুডিওর কয়েকজন কর্মীকেও কাঁদতে দেখা যায়। ভিডিওতে সালমানকে বলতে শোনা যায়, ‘একটু আগে এখানে অ্যাটাক হয়েছিল…এই পুরা অ্যাটাকে আমাদের স্টুডিও ডেস্ট্রয়েড হয়ে গেছে।’
ঘটনার পর নিজের বক্তব্যে সালমান মুক্তাদির জানান, ভিডিওটি বিশেষভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে করেছেন তিনি। এ সময় তিনি বলেন, ‘আপনি প্লিজ কোনো টেনশন নিবেন না, দিস ইজ নরমাল ইন বাংলাদেশ।’
হামলার কারণ সম্পর্কে সালমানের ভাষ্য, যারা হামলা করেছেন তারা হয়তো জানতেন না জায়গাটি তার। তিনি নিজেকে এ ঘটনায় একজন সাধারণ নাগরিক হিসেবে ক্ষতিগ্রস্ত ব্যক্তি হিসেবে তুলে ধরেন।
সালমান বলেন, স্টুডিওটি যে জায়গায় অবস্থিত, সেই জমির মালিকের সঙ্গে চাঁদাবাজি নিয়ে কোনো একটি ঘটনার জেরে হামলাকারীদের বিরোধ তৈরি হয়ে থাকতে পারে। তার ভাষ্য অনুযায়ী, জমির মালিকের সম্পত্তিতে হামলা বা ক্ষতি করতে গিয়ে মাঝখানে তার স্টুডিওও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাঙচুরের পরও কাজ চালিয়ে যাওয়ার কথা জানিয়ে সালমান মুক্তাদির বলেন, ‘আমি এর থেকে বড় কিছু করব।’
এদিকে স্টুডিওতে হামলা ও ভাঙচুরের বিষয়ে ক্যান্টনমেন্ট থানা এবং সংশ্লিষ্ট জোনের পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।
