গাজায় প্রতি ৯০ মিনিটে একজন ফিলিস্তিনি হতাহত

শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬

যুদ্ধবিধ্বস্ত গাজায় গত এক বছর ধরে গড়ে প্রতি ৯০ মিনিটে অন্তত একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবিক সংস্থা ইসলামিক রিলিফ। খবর আল জাজিরার।

সংস্থাটির এক বিবৃতির বরাতে আল জাজিরা জানায়, ২০২৫ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ১ হাজার ৪৫৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অর্থাৎ, গড়ে প্রতি দেড় ঘণ্টায় একজন ফিলিস্তিনি নিহত বা আহত হয়েছেন।

ইসলামিক রিলিফ জানায়, নিহতদের মধ্যে অন্তত ৩২০ জন শিশু রয়েছে। গত এক বছরে গড়ে প্রায় প্রতিদিন একজন করে শিশু নিহত হয়েছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

গাজায় কার্যত কোনো যুদ্ধবিরতি নেই বলে দাবি করেছে ইসলামিক রিলিফ। সংস্থাটির এক কর্মী বলেন, বাস্তুচ্যুত মানুষের শিবির ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতেও হামলার ঘটনা ঘটছে, ফলে সাধারণ মানুষের মধ্যে ভয় ও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

ওই কর্মী বলেন, আমরা ঘর থেকে বের হতেও ভয় পাই। মাথার ওপর ড্রোনের শব্দও আতঙ্ক তৈরি করে। এমনকি নিজেদের ঘরও নিরাপদ মনে হয় না। সব সময় মনে হয়, পরের শিকার হয়তো আমরাই হতে পারি। হত্যাকাণ্ড থামছে না, স্বাভাবিক জীবনযাপন করাও সম্ভব হচ্ছে না।

ইসলামিক রিলিফের হিসাবে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে গাজায় মানবিক পরিস্থিতিরও আরও অবনতি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *