সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ।
তবে তেহরান আন্তরিক হলে তাদের জন্য কূটনৈতিক আলোচনার পথ এখনও খোলা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাইক ওয়াল্টজ জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে বদ্ধপরিকর। এই উদ্দেশ্য অর্জনে যুক্তরাষ্ট্রের ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল অব্যাহত থাকবে।
নিউ ইয়র্কে ‘আল-মনিটর’ আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিওচিত্র প্রকাশ করে ওয়াল্টজ এই অবস্থান পুনর্ব্যক্ত করেন। সেখানে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিদ্যমান উত্তেজনাকে ৪৭ বছরের সংঘাতের অংশ হিসেবে বর্ণনা করেন।
ওয়াল্টজ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদে ইন্ধনদাতা হিসেবে ইরানকে অভিযুক্ত করেন। তিনি বলেন, দেশটি যেন পারমাণবিক ক্ষমতার জোর দেখিয়ে হরমুজ প্রণালি বা আন্তর্জাতিক সম্প্রদায়কে জিম্মি করতে না পারে, প্রেসিডেন্ট ট্রাম্প সে বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রসঙ্গত, ইরান শুরু থেকেই তাদের পারমাণবিক কর্মসূচি সামরিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ অস্বীকার করে আসছে। ২০১৫ সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচতে তারা বিশ্বের পরাশক্তিগুলোর সঙ্গে একটি যৌথ চুক্তি সই করেছিল। তবে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নিলে উদ্যোগটি মুখ থুবড়ে পড়ে।
