শনিবার, ২৭ জুন, ২০২৬
ফুটবল বিশ্বকাপের এইচ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে কেপ ভার্দে ও সৌদি আরব। নকআউট পর্বে ওঠার লড়াইয়ে দুই দলের জন্যই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। তবে সমীকরণে এগিয়ে রয়েছে অভিষিক্ত দল কেপ ভার্দে।
দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে কেপ ভার্দে। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দুই দলের বিপক্ষে ড্র করে চমক দেখিয়েছে আফ্রিকার দেশটি। আজ জিততে পারলে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে নতুন ইতিহাস গড়তে তারা।
অন্যদিকে, ১ পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে রয়েছে সৌদি আরব। প্রথম ম্যাচে উরুগুয়ের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচে স্পেনের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে কঠিন সমীকরণে পড়ে যায় এশিয়ার দলটি।
সমীকরণ অনুযায়ী, সৌদি আরবের সামনে একমাত্র পথ জয়। তবে শুধু জিতলেই হবে না, একই সময়ে স্পেনের বিপক্ষে উরুগুয়েকে হার এড়াতেও হবে। কারণ উরুগুয়ে জিতে গেলে সৌদিরা জয় পেলেও গোল ব্যবধান বা পয়েন্টের হিসাবের কারণে বিদায় নিতে হতে পারে।
অন্যদিকে, কেপ ভার্দে জয় পেলে অন্য ম্যাচের ফলের দিকে তাকাতে হবে না। ড্র করলেও নকআউটের আশা বেঁচে থাকবে, তবে সেক্ষেত্রে স্পেন-উরুগুয়ে ম্যাচের ফল এবং সেরা তৃতীয় দলের হিসাব গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
একই সময়ে অনুষ্ঠিত হচ্ছে স্পেন ও উরুগুয়ের ম্যাচও। ফলে এইচ গ্রুপ থেকে শেষ ৩২-এ কারা জায়গা করে নেবে সেই সিদ্ধান্ত হতে পারে শেষ বাঁশি বাজার পরেই।
