শিরোনাম

নওগাঁয় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নওগাঁর মহাদেবপুর উপজেলায় আসাদ (৩২) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মাতাজীহাটের সাতগ্রাম এলাকায় খাড়ির ব্রিজের কাছে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আসাদ উপজেলার বেতবহুতি গ্রামের আছির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবারের দাবি, আসাদকে পরিকল্পিতভাবে হত্যা করার পর মরদেহ গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহতের নানা হারুন জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে এক ব্যক্তি মুঠোফোনে কল করে আসাদকে ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। রাতের দিকে তার ফোনে একাধিকবার কল করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

আজ সকাল ১০টার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে খাড়ির পাশের একটি গাছে আসাদের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে মাতাজীহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহালে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, নিহতের পরিবারে একটি কলহের তথ্য পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে পুলিশ।

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *