মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
গাজীপুরে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সোমবার সন্ধ্যায় গাজীপুর সিটি করপোরেশনের দেওয়ালিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটের দিকে গোডাউনে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আগুন নেভাতে প্রথমে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।
সারাবো মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস ছামাদ বলেন, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
