শিরোনাম

যুক্তরাষ্ট্রে নরইস্টারের তাণ্ডব: একজনের মৃত্যু, হাজারো মানুষ বিদ্যুৎহীন, বাতিল শতাধিক ফ্লাইট

 রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হেনেছে মৌসুমের প্রথম শক্তিশালী সামুদ্রিক ঝড় ‘নরইস্টার’। ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। ঝড়ের প্রভাবে নিউ ইয়র্ক, বোস্টন এবং ফিলাডেলফিয়াসহ বিস্তীর্ণ অঞ্চলে বিরাজ করছে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া।

এতে গতকাল শনিবার হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। ঝোড়ো বাতাসে একটি গাছ তার ওপর উপড়ে পড়ে। এতে ঘটনাস্থলে এই ব্যক্তির মৃত্যু হয়। এছাাও শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। 

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজডটকম এ তথ্য জানিয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে লং আইল্যান্ডে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এতে আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হওয়ার শঙ্কা রয়েছে।

গভর্নর ক্যাথি বলেন, কিছু এলাকায় ২০ ফুট বা প্রায় ৬ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আঘাত হানতে পারে।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল শহর নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি শহরটির বাসিন্দাদের সতর্ক করে বলেন, ঝোড়ো বাতাসে বিদ্যুতের তার ছিঁড়ে পড়তে পারে। তাই প্রয়োজন না হলে বাসিন্দাদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন তিনি।

ঝড়বৃষ্টির কারণে স্থানীয় সময় শনিবার সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধু বোস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে। পুরো অঞ্চলেই ফ্লাইট চলাচলে দেরি হচ্ছিল বলে জানিয়েছে ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।

জেট ব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ বড় কয়েকটি বিমান সংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তবে যাত্রীরা অতিরিক্ত ফি ছাড়া ফ্লাইট পরিবর্তনের সুযোগ পাচ্ছেন। সূত্র: এএফপি, এপি, ডয়েচে ভেলে

Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *