রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ঘুমন্ত অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে বিষধর কালাচ সাপে কামড় দিয়েছে। আজ রবিবার ভোরে বিশ্ববিদ্যালয়ের শহিদ জোহা হলের কক্ষে এ ঘটনা ঘটে। পরে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।
সাপে কাটা শিক্ষার্থী নুরনবী ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি শহিদ জোহা হলের ১৩৮ নম্বর কক্ষের আবাসিক ছাত্র।
জানা গেছে, রবিবার ভোর ৪টার দিকে কক্ষে ঘুমন্ত অবস্থায় নুরনবীকে সাপে কামড় দেয়। বিষয়টি বুঝতে পেরে তিনি অন্যদের জানান। পরে দেখা যায়, সাপটি বিষধর কালাচ। এরপর দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাকসু হল সংসদের নেতারা। তারা অবিলম্বে হলের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
হল সংসদের ভিপি আশিকুর রহমান সোহাগ বলেন, কিছুদিন আগেও ঘুমন্ত এক শিক্ষার্থীর মশারির ওপর কালাচ সাপ পাওয়া গিয়েছিল। আজ একজনকে কামড় দিল। এভাবে আর কত? অবিলম্বে হলের চারপাশ পরিষ্কার করতে হবে, সাপের বাসস্থান খুঁজে বের করতে হবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
শহিদ জোহা হলের প্রাধ্যক্ষ ড. আল আমিন সরকার বলেন, সাপে কাটা শিক্ষার্থীকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তার অবস্থা অনেকটা ভালো। তাকে কালাচ সাপে কামড় দিয়েছে। সম্ভবত হলের আশপাশে এ ধরনের সাপ বাসা বেঁধেছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
